ঝিনাইদহ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর বাজারে রোববার আগুন লেগে ১৭ টি দোকান পুড়ে গেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, সকাল সাড়ে ১১ টার দিকে আগুন লাগে। স্থানীয় লোকজন ও হাট ফাজিলপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে শৈলকুপা থেকে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত মেসার্স কবির ট্রেডার্সের মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ১৫ থেকে ১৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।
শৈলকুপা দমকল কার্যালের কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, আগুনে তাদের হিসাবে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24