২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় জেলা মটর শ্রমিক নেতাসহ আটজনের কারাদণ্ড

চাঁদাবাজি মামলায় গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিলুর রহমানসহ আটজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

গাইবান্ধা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিলুর রহমানসহ আটজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। রোববার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. শরিফ উদ্দিন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা অপর আসামিরা হলেন- মোটর শ্রমিক খোকন চৌধুরী, মো. সেলিম, হাছেন আলী ওরফে হাসান, মমিন, শেখ ফরিদ, নিখিল চন্দ্র দাস ও উজ্জল হোসেন। সাদেকুল ইসলাম মুরাদ ও সাইফুল ইসলাম নামে অপর দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০০৭ সালের ২৫ ডিসেম্বর রাতে গাইবান্ধা বাস টার্মিনালে গাইবান্ধা-ঢাকা রুটের রোহান পরিবহন (ঢাকা মেট্টো-চ-৯৫৫১) কর্তৃপক্ষের কাছে অভিযুক্তরা ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকার করায় তারা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা ও হকিষ্টিক দিয়ে রোহান পরিবহনের বাস ভাংচুর এবং পরিবহনের লোকজনকে মারধর করেন। এ ব্যাপারে পরিবহনের মালিক রায়হান মণ্ডল ১০ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.