২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নীতি নিয়ে সরকারকে পিছু হটতে না করেছেন জনপ্রতিনিধিরা

নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে সরকারকে পিছু না হটার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের জন প্রতিনিধিরা জানিয়েছেন, প্রয়োজনে তারাই এ বিষয়ে জনমত গঠন করবেন। রোববার চার উপদেষ্টার সঙ্গে প্রাক নির্বাচনী সংলাপে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্য জোটের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয় বলে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে সরকারকে পিছু না হটার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের জন প্রতিনিধিরা জানিয়েছেন, প্রয়োজনে তারাই এ বিষয়ে জনমত গঠন করবেন। রোববার চার উপদেষ্টার সঙ্গে প্রাক নির্বাচনী সংলাপে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্য জোটের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয় বলে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ইউনিয়ন পরিষদ ঐক্যজোটের আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেন আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বৈঠক শেষে আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, "ইউনিয়ন পরিষদ নেতারা বলেছেন, নারী উন্নয়ন নীতিমালার বিষয়ে সরকারের ব্যাকফুটে যাওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে তারা জনমত গঠন করবেন বলেও জানিয়েছেন।" উপদেষ্টা ইকবাল জানান, ইসলামপন্থী দল, সুশীল সমাজ এবং বামপন্থী দলের সঙ্গে শিগগিরই প্রাক-সংলাপে বসবে সরকার। বৈঠকে ইউনিয়ন পরিষদ ঐক্য জোট সরকারের কাছে বেশ কয়েকটি প্রস্তাব দেয়। তারা সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন। ঐক্যজোট সভাপতি মাহবুবুর রহমান টুলু সাংবাদিকদের বলেন, "সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন বাঞ্ছনীয়। এতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না। ফলে সৎ, দক্ষ এবং ভালো মানুষ নির্বাচিত হবে।" বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে 'না' ভোটের বিধান রাখার দাবিও করা হয়েছে বলে তিনি জানান। মাহবুবুর রহমান বলেন, "অনেক সময় দেখা যায়, কোনও প্রার্থীই যোগ্য নয়। তখন এই 'না' ভোট প্রয়োগ করা যাবে।" এছাড়া রাজনৈতিক দলগুলোর বাধ্যতামূলক নিবন্ধন ও সংস্কার, উন্নয়ন কার্যক্রমে সাংসদদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের যোগ্যতা সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, প্রার্থীদের সম্পর্কে ভোটারদের তথ্য প্রাপ্তির অধিকার, নির্বাচনী ব্যয় হ্রাসসহ নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ এবং সরাসরি ভোটে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের দাবিও সংলাপে তোলা হয় বলে ইউনিয়ন পরিষদ ঐক্যজোট নেতারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/কিউএইচ/এমআই/জিএনএ/১৫৪৫ ঘ.