২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীদের পূর্ণ মর্যাদা দিতে হবে: ড. জিল্লুর রহমান সিদ্দিকী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. জিল্লুর রহমান সিদ্দিকী বলেছেন, আদিবাসীরা জন্ম অধিকারে বাংলাদেশের নাগরিক। তাদের পূর্ণ মর্যাদায় বাঁচতে দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

টাঙ্গাইল, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. জিল্লুর রহমান সিদ্দিকী বলেছেন, আদিবাসীরা জন্ম অধিকারে বাংলাদেশের নাগরিক। তাদের পূর্ণ মর্যাদায় বাঁচতে দিতে হবে। তিনি বলেন, "বাঙালি পরিচয়ের বাইরে যে জাতি রয়েছে তারা নিজেদের সাংবিধানিক পরিচিতি চান। তারা বিশ্বাস করেন সংবিধান তাদের বঞ্চনা করেছে। তাদের পূর্ণ নাগরিকের সযোগ দেওয়া হয়নি। বাংলাদেশের আদিবাসীরা অনেক বেশি আত্মসচেতন। নাগরিক অধিকার নিয়ে তারা কথা বলতে শুরু করেছেন।" শনিবার টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আদিবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকালে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা করেন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক উ সুয়ে। এর আগে জাতীয় সংগীত ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি নিবেদিত 'এক নদী রক্ত পেরিয়ে...' গানটি বাজানো হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা দেড় শতাধিক আদিবাসী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সাংসদ প্রমোদ মানকিন। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, বাংলাদেশ এর পরিচালক প্রতিভা মুৎসুদ্দির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএসএফ পার্বত্য চট্টগ্রাম কমান্ডার আদিবাসী মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, অক্সফাম জিবির সমন্বয়ক বিভাস চক্রবর্তী, টাঙ্গাইল শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক হারুন অর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক অধ্যাপক মেসবাহ কামাল। এর পর আদিবাসী মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরাম এর আহবায়ক ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ বীর প্রতীক বলেন, "যে দেশে বীরের সম্মান হয় না, সে দেশে বীরের জন্ম হয় না।" তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, জাতীয় প্রেসক্লাবে যারা সংবাদ সম্মেলন করে বলেছে দেশে মুক্তিযুদ্ধ হয়নি তাদের এসব ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার পরও সরকার নিরব নিশ্চুপ। মুক্তিযুদ্ধে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে। যারা দেশকে ভালোবাসে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা চাইবে যুদ্ধাপরাধীদের বিচার হোক।" বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সভাপতি ড. এইচ কে এস আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা কমান্ডার মংসা খোয়াই চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুল হক বাবুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সংগঠক বিষোদমনি টপ্প, মঙ্গলচন্দ্র উরাত্ত, কেরিনা হাসদা, টাইল মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক খন্দকার আনোয়ার হোসেন প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে তামান্না রহমান ও তার দল নৃত্য এবং আদিবাসী শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.