২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

"নারী নীতি পর্যালোচনা কমিটির সুপারিশ হাস্যকর"

নারী উন্নয়ন নীতি নিয়ে সরকারের গঠিত আলেম পর্যালোচনা কমিটির সুপারিশের তীব্র সমালোচনা করে একে 'হাস্যকর' অভিহিত করেছেন নারী নেত্রীরা। এ কমিটি গঠনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে এর সুপারিশমালা অবিলম্বে বাতিল করে নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা,এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি নিয়ে সরকারের গঠিত আলেম পর্যালোচনা কমিটির সুপারিশের তীব্র সমালোচনা করে একে 'হাস্যকর' অভিহিত করেছেন নারী নেত্রীরা। এ কমিটি গঠনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে এর সুপারিশমালা অবিলম্বে বাতিল করে নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেশের শীর্ষ নারী নেত্রীরা উল্লিখিত অভিমত দেন। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা হামিদা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' পর্যালোচনা কমিটি গঠনের সুপারিশগুলোকে আমি হাস্যকর মনে করছি। কোনো মূল্যায়ন কমিটি করতে হলে সবার প্রতিনিধিত্ব নিয়ে করাই ভালো। এক্ষেত্রে তা করা হয়নি।'' এরকম কমিটির সুপারিশ কোনোভাবেই সমর্থন করা যায় না মন্তব্য করে কীভাবে এ কমিটি হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন হামিদা হোসেন। মূল্যায়ন কমিটি সম্পূর্ণ অযৌক্তিকভাবে গঠিত হয়েছে বলে দাবি করেন মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,'' একটি বিশেষ মহল এই নীতির বিরোধিতা করছে। তারা এখন নয়, বিগত পঞ্চাশ বছর ধরে নারী উন্নয়নের বিপক্ষে।'' তিনি আলেম পর্যালোচনা কমিটির সমালোচনা করে বলেন,'এটা সরকারের দুর্বল পদক্ষেপ।'' সরকার পর্যালোচনা কমিটির সুপারিশ গ্রহণ করলে দেশ পেছনের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন মহিলা পরিষদ সভানেত্রী । তিনি ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করা, ঘোষিত নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন ও এ সম্পর্কে সরকারের অবস্থান জনগণের কাছে স্পষ্ট করার দাবিও জানান। নারী উন্নয়নে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষিত নীতিমালাকে 'ভালো উদ্যোগ' বলে অভিহিত করেন আয়েশা খানম । তার মতে এ নীতির মাধ্যমে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠিত হবে। জাসদ নেত্রী ও কর্মজীবী নারী সংগঠনের সভানেত্রী শিরিন আখতারও আলেমদের নিয়ে গঠিত পর্যালোচনা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' এ ধরণের কমিটি গ্রহণযোগ্য নয়। তাই ওই কমিটি কি সুপারিশ করল,তা বিবেচ্য হতে পারে না। যদি পর্যালোচনা কমিটি করতেই হয়, নারীদের নিয়ে করা চাই। কারণ বিষয়টি নারীদের নিয়ে।" শনিবার রাজধানীতে বাম গণতান্ত্রিক ফ্রন্ট আয়োজিত ' জাতীয় নারী উন্নয়ন নীতি ' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে নারী নেত্রী হাজেরা সুলতানাও পর্যালোচনা কমিটি ' অবৈধ' বলে মন্তব্য করেন। তিনি বলেন,'' নারী নীতিমালা স্থগিত করাটা লজ্জাজনক।...এখনও যারা ১৪ শ' বছর আগের আইন দিয়ে চলতে চায় তাদের কালো হাত ভেঙে দিতে হবে। " হাজেরা সুলতানা আরো বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মৌন মিছিল করলে বাধা দেওয়া হয়। আর মৌলবাদীরা সহিংস ঘটনা ঘটালেও কিছু হয় না। মনে হয় সরকারের মধ্যেই মৌলবাদী রয়েছে। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএম/এসকে/২০১০ঘ.