গাজীপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবছর দেশে রোগের আক্রমণে প্রায় ৭ হাজার কোটি টাকার ফসল বিনষ্ট হচ্ছে। এর মধ্যে খাদ্যশস্য বিনষ্ট হচ্ছে ৪০ লাখ মেট্রিক টন। এই পরিমাণ খাদ্যশস্য ১৪ কোটি মানুষ দুইমাস খেতে পারবে।
শনিবার বাংলাদেশ উদ্ভিদরোগ বিজ্ঞান সমিতির ৭ম দ্বি-বার্ষিক সম্মেলনে বিজ্ঞানীরা এসব তথ্য দেন।
সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফসলের রোগবালাই দমনে আরও কার্যকরী ব্যবস্থা নিতে হবে। উদ্ভাবন করতে হবে পরিবেশ বান্ধব প্রযুক্তি। খাদ্যশস্যের রোগ বালাই দমন করতে পারলে শুধু উৎপাদনই বাড়বে না ১৩ লাখ লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তিন শতাধিক উদ্ভিদ রোগতত্ত্ববিদ অংশ নেন।
সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম আলী ফকির।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- বারির মহাপরিচালক এম. হারুন উর রশীদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. নূর-ই-এলাহী, সংগঠনের সাধারণ সম্পাদক ড. এম এ বারি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান খান।
বিকেলে কারিগরী সেশনে 'ফসলের রোগ ব্যবস্থাপনা ও দারিদ্র্য দূরীকরণ' শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এম বাহাদুর মিয়া।
এ ছাড়া শস্যের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও কৃমি জাতীয় রোগ বালাইয়ের উপর চারটি সম্পুরক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24