২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থার কারণে আমরা আজ শৃঙ্খলিত বঞ্চিত: ড. অনুপম

রুদ্ধ সমাজে মনুষ্যত্বের বিকাশ হয় না বলে মনে করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি বলেন, "জরুরি অবস্থার কারণে আমরা আজ শৃঙ্খলিত, বহু অধিকার থেকে বঞ্চিত। সমৃদ্ধ দেশ হলেও একটি রুদ্ধ সমাজে মানুষ তার মনুষ্যত্বকে পূর্ণতা দিতে পারে না। যে দেশে মানুষের অধিকার নেই সে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুদ্ধ সমাজে মনুষ্যত্বের বিকাশ হয় না বলে মনে করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি বলেন, "জরুরি অবস্থার কারণে আমরা আজ শৃঙ্খলিত, বহু অধিকার থেকে বঞ্চিত। সমৃদ্ধ দেশ হলেও একটি রুদ্ধ সমাজে মানুষ তার মনুষ্যত্বকে পূর্ণতা দিতে পারে না। যে দেশে মানুষের অধিকার নেই সে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়।" শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন এ কথা বলেন। তিনি আরও বলেন, "মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকরা সংগ্রাম করে যাচ্ছেন। সাংবাদিকদের পাশাপাশি সকল পেশাজীবীকে অধিকার আদায়সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসতে হবে।" সিইউজে সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সভপাতি শাহ আলমগীর, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার। মনজুরুল আহসান বুলবুল আগামী ২৬ এপ্রিলের মধ্যে সাংবাদিকদের বহু কাক্সিক্ষত সপ্তম ওয়েজ বোর্ডের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে বলে জানান। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম ও চিত্র সাংবাদিক দেব প্রসাদ দাশ দেবুকে সংবর্ধনা দেওয়া হয়। বিকালে সিইউজে এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার সিইউজের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইউনিয়নের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/জিএনএ/১৮০৪ ঘ.