কুষ্টিয়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শুক্রবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা আব্বাস আলী (৪৫)।
মিরপুরের সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের ক্যানেলের পাশে রাত ১১টার দিকে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
তিনি বলেন, "চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখে চরমপন্থীরা গুলি চালাতে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আব্বাস মারা যায়। ওই সময় তার সহযোগীরা পালিয়ে যায়।"
ঘটনাস্থল থেকে একটি দুই নলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
নিহত আব্বাস মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, 'চরমপন্থী' নেতা আব্বাসের বিরুদ্ধে মিরপুর থানায় চারটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৭ ঘ.
bdnews24