২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি তুলে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩

মোবাইল ফোনে কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি তুলে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

মৌলভীবাজার, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি তুলে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কমলগঞ্জ পৌর এলাকার নসরতপুর গ্রামের কালা মিয়া ওরফে সুফি ড্রাইভারের ছেলে ইসমাইল (২৪), কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও পৌরশহরের আব্দুল খালেকের ছেলে সাহেদুল আলম (২৫) ও ফাজিলপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে জহির মিয়া (২৬)। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্যা জানান, শুক্রবার দুপুরে তাদের মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশ কমলগঞ্জ থানায় এ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। সিআইডি ইন্সপেক্টর অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসমাইল মিয়া জালালিয়া গ্রামের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ৫/৬ মাস আগে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। কিছুদিন আগে ইসমাইল ওই মেয়েকে নিয়ে পৌরশহরের চৌমুহনী এলাকার একটি বাসায় ওঠে। সেখানে পরিকল্পিতভাবে তার মোবাইল ফোনে মেয়েটির আপত্তিকর ছবি ও ভিডিও চিত্র ধারণ করে ইসমাইল। পরে ওই ভিডিও চিত্রের সিডি ও স্থির চিত্র মেয়েটির বাবা ও চাচার কাছে পাঠিয়ে সাড়ে তিন লাখ টাকা দাবি করেন তিনি। অন্যথায় সিডিটি বাজারে ছেড়ে দেওয়ার হুমকি দেন। বিষয়টি ছাত্রীর পরিবার মৌলভীবাজার গোয়েন্দা পুলিশকে জানায়। অমূল্য কুমার বলেন, "বৃহস্পতিবার রাতে দাবি করা সাড়ে তিন লাখ টাকা নিতে ইসমাইল তার অপর দুই সঙ্গীকে নিয়ে ওই ছাত্রীর জালালিয়া গ্রামের বাড়িতে গেলে আগে থেকে অবস্থান নেওয়া গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি পর্ণো সিডি ও চারটি স্থিরচিত্র উদ্ধার করা হয়।" এ ঘটনায় সাহেদুল আলমের জড়িত থাকার কথা অস্বীকার করে তার বড়ভাই শাহীন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার মূল নায়ক ইসমাইল। আর সাহেদ বিষয়টি নিষ্পত্তি করার জন্য ওই কলেজ ছাত্রীর বাড়িতে গিয়েছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.