ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরপরই শুক্রবার আবারও গ্রেপ্তার হয়েছেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই এলাহী চৌধুরী।
সরকার বিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সকালে তেজগাঁ থানার পুলিশ পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
তেজগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তৌফিক ই এলাহী সকালে ছাড়া পেয়েই পান্থপথ এলাকায় লোক জমায়েত করে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। এ কারণে সকাল ১০টার দিকে পান্থপথ ক্রসিং এলাকা থেকে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৌফিক ই এলাহীকে শুক্রবার সকালে কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়। আদালতের আদেশে সন্ধ্যায় আবারও তাকে কারাগারে আনা হয়।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র (বার্জ মাউন্টেড) নির্মাণে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে প্রায় তিন কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরীও এ মামলার অন্যতম আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.
bdnews24