মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনার্জি করসপনডেন্ট
ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ক্রমশ বেসরকারি খাত নির্ভর হয়ে পড়ছে। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতার প্রায় ২৮ ভাগ আসছে বেসরকারি খাত থেকে। লক্ষ্যমাত্রা অনুযায়ী নতুন কেন্দ্র স্থাপন করা হলে চলতি বছরের ডিসেম্বর নাগাদ বেসরকারি খাতের অবদান হবে প্রায় ৩৪ ভাগ।
বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ খাতে বছরে এক হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি গুনছে সরকার।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলোর স্থাপিত-উৎপাদন-ক্ষমতা ৫ হাজার ২৩২ মেগাওয়াট। এর মধ্যে পিডিবির নিজস্ব কেন্দ্রগুলোর ক্ষমতা ৩৭৭৮ মেগাওয়াট। আর বেসরকারি (আইপিপি) ও মিশ্র খাতের কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ১৪৫৪ মেগাওয়াট।
এই হিসাবে উৎপাদন ক্ষমতারভিত্তিতে দেশের বিদ্যুৎ খাতে বেসরকারি খাতের অবদান ২৮ ভাগ।
বিদ্যুৎ বিভাগের লক্ষ্যমাত্রা অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ার কথা। এর মধ্যে সরকারি উদ্যোগে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্র থেকে আসবে ৩৩০ মেগাওয়াট। আর বেসরকারি উদ্যোগ থেকে আসবে ৬৩০ মেগাওয়াট।
সেক্ষেত্রে দেশের বিদ্যুৎ খাতে বেসরকারি খাতের অবদান বেড়ে প্রায় ৩৪ ভাগে দাঁড়াবে।
সরকারি উদ্যোগে ফেঞ্চুগঞ্জে ৯০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এবং সিদ্ধিরগঞ্জে ১২০ মেগাওয়াটের দু'টি ইউনিট চলতি বছরের নভেম্বরে চালু হওয়ার কথা।
আর ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে বগুড়ায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিটে ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। তিন বছর মেয়াদি ৬টি ভাড়া বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৫০ মেগাওয়াট উৎপাদন শুরু হবে মে-জুন নাগাদ। নতুন স্থাপিত ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ডিসেম্বরে পাওয়া যাবে ২২০ মেগাওয়াট। ১৫ বছর মেয়াদি ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে ডিসেম্বর নাগাদ। এছাড়া বাঘাবাড়িতে ওয়েস্টমন্টের ৪০ মেগাওয়াটের যে ইউনিটের নির্মাণ কাজ চলছে, ডিসেম্বরের মধ্যে সেটিও উৎপাদনে যাওয়ার কথা।
এসব বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ২০১২ সাল নাগাদ চারটি আইপিপি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এগুলো হলো- ৪৫০ মেগাওয়াট ক্ষমতার মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র-২ ও ৩ এবং একই ক্ষমতার সিরাজগঞ্জ ও বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র।
সবগুলো কেন্দ্র উৎপাদনে গেলে সব মিলিয়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন দাঁড়াবে ৩০৯০ মেগাওয়াট।
সরকার ১৯৯৯ সালে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন দেয়। সে সময় বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় 'আইপিপি'র অনুমতি দেয়াসহ এ সংক্রান্ত চুক্তি ও নীতি প্রস্তুত করা হয়। ওই নীতিমালার আওতায় পিডিবির কাছে কয়েকগুণ বেশি দামে বিদ্যুৎ বিক্রির সুযোগ পায় আইপিপিগুলো।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ ৮ টাকা ও সর্বনিু ১ টাকা ২৮ পয়সায় প্রতি ইউনিট বিদ্যুৎ কিনছে সরকার। তাতে গড় দাম পড়ছে ২ টাকা ৪১ পয়সা।
এভাবে বেশি দামে কিনে কম দামে বিদ্যুৎ বিক্রি করতে হচ্ছে সরকারি প্রতিষ্ঠান পিডিবিকে। গত অর্থবছরে প্রতিষ্ঠানটি এ বাবদ প্রায় ৮০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। আর বিদ্যুৎ উৎপাদনের জন্য কম দামে গ্যাস সরবরাহ করতে গিয়ে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে বছরে প্রায় চারশ কোটি টাকা।
বেসরকারি খাতকে উৎসাহিত করতে বেসরকারি কেন্দ্রগুলোকে দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহেরও নিশ্চয়তা দিয়েছে সরকার। ওয়েস্টমন্ট ও এনইপিসিকে ১৫ বছর এবং মেঘনাঘাট ও হরিপুর বিদ্যুৎ কেন্দ্রকে দেয়া হয়েছে ২২ বছর গ্যাস সরবরাহের নিশ্চয়তা। আর আইপিপিগুলো এদেশের মুদ্রায় (টাকায়) গ্যাস কিনে বিদ্যুৎ বিক্রি করছে ডলারে। পিডিবির বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিলেও আইপিপিগুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
বেসরকারি খাতের ওপর নির্ভরশীলতা বাড়তে থাকায় সরকারও বিকল্প ব্যবস্থার কথা ভাবছে।
এ ব্যাপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবিষ্যতে সরকারি ও বেসরকারি অংশিদারিত্বে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা ভাবা হচ্ছে। এতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ওপর নির্ভরশীলতা কমবে। পাশাপাশি সরকার ও জনসাধারণের স্বার্থ রক্ষা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24