রংপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতি করে মাছচাষীদের কাছ থেকে রেণু পোনার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে মিঠাপুকুরের শঠিবাড়ি সরকারি মৎস্য খামারের ব্যবস্থাপক রেজাউল বারি ও অফিস সহকারী শফিকুল ইসলাম সফিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার সকালে ওই খামার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জাল কাগজপত্র জব্দ করা হয় ।
রংপুর র্যাবের ক্যাম্প কমান্ডার সাইফুল ইসলাম জানান, শঠিবাড়ি সরকারি মৎস্য খামারের রেজাউল বারি ও শফিকুল ইসলাম দীর্ঘদিন থেকে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি টাকা নিয়ে মাছচাষীদের কাছে রেণু পোনা বিক্রি করে আসছিল।
এ অভিযোগ পেয়ে র্যাব সদস্যরা ক্রেতা সেজে শুক্রবার সকালে ওই খামারে রেণু পোনা কিনতে যান। তাদের জাল রশিদ দিয়ে বেশি টাকা নেওয়ার সময় এ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৯০০ টাকা এবং কিছু জাল কাগজপত্র জব্দ করা হয়।
তিনি বলেন, "প্রতি কেজি রেণু পোনার সরকার নির্ধারিত দাম এক হাজার ৩০০ টাকা। কিন্তু তারা জাল রশিদ বানিয়ে প্রতি কেজি পোনা আড়াই থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত নিচ্ছিলেন।"
সাইফুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতরা জানিয়েছে তারা নিজেরা রশিদ বই ছাপিয়ে জাল ভাউচার দিয়ে বেশিদামে রেণু পোনা বিক্রি করে বাড়তি টাকা ভাগাভাগি করে নিতেন।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শুনেছি শঠিবাড়ি সরকারি মৎস্য খামার থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করলেই মামলা দায়ের করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24