ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি করা খাদ্য দিয়ে খাদ্যের অভাব দূর হবে না বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা ড. সি এস করিম। তিনি বলেছেন, "বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে।"
শুক্রবার কুমিল্লার লাকসাম উপজেলার গাজীমুরা গ্রামে আন্তর্জাতিক মাটি উর্বরতা ও কৃষি উন্নয়ন সংস্থা (আইএফডিসি) আয়োজিত "গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি: উদ্বুদ্ধকরণ সমাবেশ" এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা সি এস করিম বলেন, "প্রতি বর্গ ইঞ্চি জমি কাজে লাগালে আমরা পোশাক শিল্পের মতো কৃষি পণ্যও রপ্তানি করতে পারবো।"
তিনি আরো বলেন, ইউরিয়া সারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ছিটিয়ে ছিটিয়ে ইউরিয়া ব্যবহার করায় বেশিরভাগ সার বাতাসে উড়ে যায়। এতে অর্থের অপচয়ের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়। গুটি ইউরিয়া ব্যবহার করলে আমাদের অনেক খরচ কমে যাবে। ফলনও বাড়বে অনেক।
কৃষি উপদেষ্টা কৃষকদের গুটি ইউরিয়া ব্যবহারের পরামর্শ দেন।
তিনি বলেন, "বিশ্বের খাদ্য নিরাপত্তা আজ হুমকির মুখে। আমরা এখন অর্থ দিয়েও খাদ্য কিনতে পারছি না। এটা চিন্তার বিষয়।"
এজন্য তিনি এখন থেকেই সবুজ বিপ্লবের সূচনা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ড. সি এস করিম বলেন, বোরো চাষীরা যাতে ফসলের ন্যায্যমূল্য পায় সেজন্য সরকার এবার ২৮ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে ধান কিনবে। সরকার এ বছর ১৫ লাখ টন বোরো ধান চাল সংগ্রহ করবে বলে তিনি জানান।
কৃষি সচিব এম. আব্দুল আজিজ বলেন, গুটি ইউরিয়া ব্যবহার করে আমরা আমদানি নির্ভরতা কাটাতে চাই। তিনি উপস্থিত কৃষকদের গুটি ইউরিয়া ব্যবহারের বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।
সমাবেশে যোগ দেওয়া কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কৃষকরা গুটি ইউরিয়া ব্যবহারে দানাদার ইউরিয়ার চেয়ে অনেক কম খরচ ও বেশি ফলনের অভিজ্ঞতার কথা বলেন। তারা অন্য কৃষকদেরও গুটি ইউরিয়া ব্যবহারের পরামর্শ দেন।
কৃষি মন্ত্রণালয় ও ইউএসএআইডি'র সহযোগিতায় আইএফডিসি'র এশিয়া বিভাগ এ বছর দেশের ৮০টি উপজেলার বোরো চাষীদের মাঝে গুটি ইউরিয়া প্রযুক্তি স
bdnews24