২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে কমেছে মোটা আতপ চালের দাম, বেড়েছে সয়াবিনের

নগরীর খুচরা বাজারে মোটা আতপ চালের দাম কমেছে। বোরো ফলন উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুচরা বাজারে মোটা আতপ চালের দাম কমেছে। বোরো ফলন উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে দুই থেকে তিন ধরনের আতপ চালের দাম কেজিতে এক থেকে দেড় টাকা পর্যন্ত কমেছে। তবে ভাল মানের আতপ ও সিদ্ধ চালের দাম কমেনি। যেসব চালের দাম কমেছে তার ক্রেতা খুব কম বলে খুচরা বিক্রেতারা জানান। চালের বাজারে দাম কমার লক্ষণ দেখা গেলেও খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। দুই সপ্তাহ ধরে সরবরাহ না থাকায় দাম নিয়ন্ত্রণহীন বলে দোকানিরা জানিয়েছেন। শুক্রবার সকালে রেয়াজুদ্দিন বাজারের খুচরা চাল বিক্রেতা আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতপ বার্মা বেতি (মোটা) প্রতি কেজিতে দুই টাকা কমে ২৮ টাকা, ভারতীয় বেতি এক টাকা কমে ৩২ টাকা বিক্রি হচ্ছে। তবে মিনিকেট আতপ ৩৭ থেকে ৩৮ এবং দিনাজপুরী পাইজাম ৩৯ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সিদ্ধ চালের দাম স্থিতিশীল রয়েছে। পারি সিদ্ধ ৩৭, জিরাশাইল ৪২ টাকা, নাজিরশাইল ৪১ থেকে ৪২ টাকা বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার পাইকারি বাজারে বার্মা বেতি প্রতি ৫০ কেজির বস্তা ১২৬০ টাকা, ভারতীয় বেতি প্রতি বস্তা ১৪৫০ টাকায় বিক্রি হয়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে বাসমতি ছাড়া সব ধরনের চালের দাম সামান্য কমতে পারে বলে মন্তব্য করেন বিক্রেতা আবদুর রাজ্জাক। আগে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়ত খুব কম। অবশ্য এ সপ্তাহে খুচরা বাজারে কিছূটা ইতিবাচক প্রভাব পড়েছে। তবে পাইকারি দরের সঙ্গে খুচরা দরের দুই থেকে তিন টাকা পর্যন্ত পার্থক্য দেখা গেছে। খোলা বাজারে সরকারের ডিলারের সংখ্যা বাড়ানোর ফলে ভারতীয় ও বার্মা বেতি চালের দাম কিছুটা কমেছে বলে বিক্রেতারা মনে করছেন। সাতদিনের ব্যবধানে খোলা সয়াবিনের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। ৯০০ মিলিলিটার, এক লিটার ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দামও বেড়েছে তিন থেকে চার টাকা পর্যন্ত। গত সপ্তাহে কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি হওয়া খোলা সয়াবিন শুক্রবার সকালে বিক্রি হয়েছে ১০৫ টাকায়। ৯০০ মিলি লিটারের বিভিন্ন কোম্পানির বোতল ১০৩ থেকে ১০৪ টাকা, এক লিটারের বোতল ১০৫ থেকে ১০৭ টাকা, পাঁচ লিটারের জার ৫২০ থেকে ৫২৫ টাকায় বিক্রি হচ্ছে। রেয়াজুদ্দিন বাজারের খুচরা বিক্রেতা আহমেদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই সপ্তাহ ধরে কোম্পানিগুলো সরবরাহ না করায় প্যাকেটজাত ও জারভর্তি সয়াবিনের দাম বেেেড় গেছে। তিনি জানান, সরবরাহ না থাকায় বাজারে নিয়ন্ত্রণও নেই। আগের কেনা সয়াবিন নিজেদের ইচ্ছেমত দামে বিক্রি করছেন দোকানিরা। খোলা ও বোতলজাত উভয় ধরনের তেলের দাম আরও বাড়তে পারে বলে তিনি মন্তব্য করেন। বাজার ঘুরে সবজির দামের উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তবে গত সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হওয়া কাকরোলের দাম কমে শুক্রবার প্রতিকেজি বিক্রি হয়েছে ৫০ টাকা দরে। পটল প্রতিকেজি ২৮ টাকা, করলা ২৪ টাকা, বরবটি ২৪ টাকা, শশা ২০ টাকা, ঢেঁড়শ ২০ টাকা, ঝিঙা ২৮ টাকা, আলু ১৪ টাকা, বেগুন ১৬ থেকে ২০ টাকা, মিষ্টি কুমড়া ১০ টাকা, চাল কুমড়া ১৬ টাকা, কচুর লতি ১৫ টাকায় বিক্রি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৭৪৬ ঘ.