ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না- এই আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বৃহস্পতিবার বলেছেন, "গত শুক্রবার যা ঘটেছে তাতে সরকার সহনশীল আচরণ করেছে। কিন্তু এরপর জরুরি আইন লঙ্ঘন করলে সরকার আর সহ্য করবে না।"
গত ১১ এপ্রিল বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের সঙ্গে কয়েকটি ধর্মীয় সংগঠনের কর্মীদের সংঘর্ষের পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা জানান, ইসলামী আইন বাস্তবায়ন পরিষদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়ায় শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, "গত শুক্রবার যা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। জরুরি অবস্থা ভঙ্গের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তবে আমরা আশা করব, তারা এমন কিছু করবে না।"
এম এ মতিন বলেন, "মসজিদ পবিত্র স্থান। যারা মসজিদকে উচ্ছৃঙ্খল কাজে ব্যবহার করবে তাদের যাতে আশ্রয় দেওয়া না হয় সে জন্য মুসল্লিসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে তাদের বের করে দেওয়ার জন্য মাইকিং করা হবে।"
গত ১১ এপ্রিল বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের সঙ্গে কয়েকটি ধর্মীয় সংগঠনের কর্মীদের সংঘর্ষের পেছনে সরকার কোনো রাজনৈতিক দলের ইন্ধন থাকার সন্দেহ করছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমি মনে করি এটা তেমনই কিছু। তবে এ ধরনের কাজ ঠিক নয়।"
তিনি বলেন, "ওই দিনের ঘটনায় জড়িতদের চিিহ্নত করার জন্য গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।"
ধর্ম উপদেষ্টা হাসান আরিফকে উদ্ধৃত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সরকার নারী নীতি পর্যালোচনার জন্য একটি কমিটি করেছে। সেই কমিটি আজ সুপারিশ জমা দিয়েছে। সরকার সেসব সুপারিশ বিবেচনা করবে। কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কিছু সরকার করবে না।"
জাতীয় নারী উন্নয়ন নীতি স্থগিত বা বাতিল করা হবে কি না- এ প্রশ্নের জবাবে এম এ মতিন বলেন, "এটি এখনও কার্যকর হয়নি। কাজেই স্থগিত করার কোনো প্রয়োজন নেই। নারী উন্নয়ন নীতিমালা কোনো আইন নয়। এমন কোনো আইন করারও প্রশ্ন উঠে না।"
গত শুক্রবার কয়েকটি ধর্মীয় সংগঠনের কর্মীরা পুলিশের ওপর হামলা চালালেও সরকারের সহনশীল আচরণ করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, "এটা ধর্মীয় অনুভূতির বিষয়। তাই সরকার এ ব্যাপারে সহনশীল আচরণ করছে। তবে আগামীকাল এ ধরনের কিছু হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সভাপতিত্বে স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিমসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
এদিকে ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার জুমার নামাজের সময় বাায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ওই এলাকায় ৩৫ প্লাটুন (১৪০০) পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া দাঙ্গাকারীদের সনাক্ত করতে থাকবে প্রায় ৫০টি ভিডিও ক্যামেরা।
প্রয়োজনে দ্রুত সহায়তার জন্য শাহবাগ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ প্রস্তুত রাখা হবে বলে মাসুদুর রহমান জানান।
গত ১১ এপ্রিল জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কয়েকটি ধর্মীয় সংগঠনের সদস্যরা নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তারা পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
ওই দিন চার ঘণ্টার সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অন্তত দেড়শ মানুষ আহত হয়। ধর্মীয় সংগঠনের সদস্যরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এর আগে ১০ এপ্রিল বিকেলে তারা বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জেকে/এমএইচবি/২২৩২ ঘ.
bdnews24