২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ মামলায় বাগেরহাটে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

ঘুষ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মত শামছুন্নাহারের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই শিক্ষা কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি জামিনে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

বাগেরহাট, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মত শামছুন্নাহারের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই শিক্ষা কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি জামিনে আছেন। বৃহস্পতিবার সাতক্ষীরা মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আমিনুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা ইরানী বানুর বেতন ভাতা সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই বন্ধ করে দেন। তিনি বিভিন্ন সময়ে তার বেতন ভাতা আবার চালু করতে অনুরোধ জানালে শামছুন্নাহার তার কাছে ঘুষ দাবি করেন। ২০০৭ সালের ১৪ মার্চ ইরানী বানু তার স্বামী মো: মনিরুজ্জামানকে সঙ্গে নিয়ে শামছুন্নাহারকে ঘুষ হিসাবে এক হাজার টাকা দেন। এর পরপরই যৌথবাহিনীর সদস্যরা খবর পেয়ে শিক্ষা কর্মকর্তার ব্যাগ তল্লাশি করে ঘুষের ওই টাকাসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বানুর স্বামী মো: মনিরুজ্জামান সাতক্ষীরা সদর থানায় শামছুন্নাহারকে আসামি করে একটি মামলা করেন। আদালত দুর্নীতি দমন কমিশনকে মামলাটির তদন্তভার দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.