খুলনা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান এবং বস্ত্র ও পাট উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল খুলনায় আসছেন শুক্রবার। এদিকে পাট ও পাট শিল্প রক্ষা কমিটি আগামী জাতীয় বাজেটে এই খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ চারদফা দাবি জানিয়েছে। এই দাবি জানিয়ে রক্ষা কমিটি বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে।
পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল শনিবার খুলনার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে খুলনাঞ্চলের পাটকলগুলোর সমস্যা নিয়ে বিজেএমসি, প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করবেন। খুলনার আঞ্চলিক তথ্য কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা ৫৭ বছর বয়সী আসরী শ্রমিকদের পাওনা এবং ডিআরএস এর চেক বিতরণ করবেন।
খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পাট ও পাট শিল্প রক্ষা কমিটি চার দফা দাবি জানিয়েছে। এগুলো হল- আগামী জাতীয় বাজেটে পাট ও পাট শিল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, চাকরিরত ও চাকরিচ্যুত, অবসরে যাওয়া শ্রমিক-কর্মচারিদের সব পাওনা দ্রুত পরিশোধ, বদলি শ্রমিকদের কার্ড ফেরতসহ বাঁচার মত মজুরি প্রদান, পিপলস জুট মিলের স্কুল চালু করতে স্কুলটি এমপিওভূক্ত করা।
অপরদিকে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম শুক্রবার খুলনায় আসছেন।
ওই দিন তিনি খুলনায় খালিশপুরের গোয়ালপাড়ায় অবস্থিত খুলনা বিদ্যুৎ কেন্দ্র এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিদর্শন করবেন।
এছাড়া শনিবার খুলনায় প্রাক বাজেট আলোচনা সভায় যোগ দিতে আসছেন অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24