ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার জুমার নামাজের পর ধর্মীয় সংগঠনের দাঙ্গা ঠেকাতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে পুলিশ। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছাড়াও দাঙ্গাকারীদের সনাক্ত করতে ভিডিও ক্যামেরার ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
গত ১১ এপ্রিল জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে কয়েকটি ধর্মীয় সংগঠন পুলিশের ওপর হামলা চালানোর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ওই এলাকায় ৩৫ প্লাটুন (১৪০০) পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া দাঙ্গাকারীদের সনাক্ত করতে থাকবে প্রায় ৫০টি ভিডিও ক্যামেরা।
প্রয়োজনে দ্রুত সহায়তার জন্য শাহবাগ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ প্রস্তুত রাখা হবে বলে মাসুদুর রহমান জানান।
গত ১১ এপ্রিল জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কয়েকটি ধর্মীয় সংগঠনের সদস্যরা নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তারা পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
ওই দিন চার ঘণ্টার সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অন্তত দেড়শ মানুষ আহত হয়। ধর্মীয় সংগঠনের সদস্যরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এর আগে ১০ এপ্রিল বিকেলে তারা বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২১৪৪ ঘ.
bdnews24