২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে পাবনা জেল সুপারের বিরুদ্ধে মামলা

ঘুষ নিয়ে কারাবন্দীকে এক ঘণ্টা কথা বলার সুযোগ করে দেওয়ার অভিযোগে পাবনা জেল সুপার মো. রেজাউল করিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

পাবনা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নিয়ে কারাবন্দীকে এক ঘণ্টা কথা বলার সুযোগ করে দেওয়ার অভিযোগে পাবনা জেল সুপার মো. রেজাউল করিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পাবনা জেলা কারাগারের কারারক্ষী আখতারুজ্জামান বৃহস্পতিবার দুপুরে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে। অভিযুক্ত অপর দুজন হলেন- সুবেদার এসহাক আলী ও কারারক্ষী জুলমত আলী। পাবনা পুলিশ সুপার এ এফ এম মাসুম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ এপ্রিল জেলা সুপার মো. রেজাউল করিম, সুবেদার এসহাক আলী ও কারারক্ষী জুলমত আলী এক লাখ টাকা ঘুষ নিয়ে কারাবন্দী বেড়া পৌরসভার চেয়ারম্যান আবদুল বাতেনের সঙ্গে ওই পৌরসভার প্রকৌশলী ও তিন কমিশনারকে প্রায় এক ঘণ্টা কথা বলার সুযোগ করে দেন। ওই সময় তিনি কিছু কাগপত্র সই করেন এবং কিছু টিপ সই দেন। জেলা সুপার মো. রেজাউল করিম ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন। বৃহস্পতিবার রাতে তিনি মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখন ঢাকায়। মামলা হয়েছে কিনা জানি না।" বেড়া পৌরসভার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আবদুল বাতেনকে গত ৮ মার্চ গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ঘুষ গ্রহণসহ চারটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৫৮ ঘ.