বাগেরহাট, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সরকারি মহিলা কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে বুধবার গভীর রাতে সদর উপজেলার ডেমা কাশিমপুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ অপহৃত মাহমুদা সুলতানা নিপাকে (১৯) উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের খারদ্বার এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (২০), হাড়িখালীর ইশারাত শেখের ছেলে হাসান (২২) ও হরিণখানার শেখ নূর মোহাম্মদের ছেলে রাকিব শেখ (২১)।
বৃহষ্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, বুধবার রাতে নিপাকে অপহরণের খবর পেয়ে তার বাবা ডা. হামিদ পুলিশকে জানান। পুলিশ দ্রুত বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে বাগেরহাট সদর উপজেলার ডেমা কাশিমপুর এলাকা থেকে জনতার সহায়তায় তিন অপহরণকারীকে আটক এবং মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়। এ সময় অন্তত দুই জন অপহরণকারী পালিয়ে যায়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে অপহরণের কথা স্বীকার করেছে।
অপহরণের ঘটনায় নিপার বাবা ডা. আব্দুল হামিদ ফকির বাগেরহাট সদর থানায় তিন অপহরণকারীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
নিপা সাংবাদিকদের জানান, কলেজে আসা যাওয়ার পথে হাফিজ বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে এই প্রস্তাবে সাড়া না দেওয়ায় বুধবার রাতে প্রতিবেশীদের বাসা থেকে ফেরার পথে হাফিজ তার সহযোগীদের নিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
তবে হাফিজের পরিবার দাবি করেছে, নিপার সঙ্গে হাফিজের প্রেমের সম্পর্ক ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24