২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দু'জন নিহত

দাউদকান্দি উপজেলার শহীদ নগরে বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শান্ত চন্দ্র নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আরও তিন পরীক্ষার্থীসহ আহত হয়েছে পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

কুমিল্লা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাউদকান্দি উপজেলার শহীদ নগরে বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শান্ত চন্দ্র নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আরও তিন পরীক্ষার্থীসহ আহত হয়েছে পাঁচজন। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকবুল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দাউদকান্দি চর গোয়ালী উচ্চ বিদ্যালয়ের চার পরীক্ষার্থী অটোরিকশা নিয়ে গৌরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে রায়পুর থেকে ঢাকাগামী ইউনিক ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালকসহ অটোরিকশার ছয় যাত্রী গুরুতর আহত হন। আহত চার পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শান্ত চন্দ্র রায় মারা যায়। চালককে গৌরিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এক যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। শান্ত চন্দ্র দাউদকান্দি কালাসাতারদিয়া গ্রামের নিকুঞ্জ চন্দ্র রায়ের ছেলে। এদিকে দাউদকান্দি ঢাকা-হোমনা সড়কের পেন্নাই নামক স্থানে হোমনাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক পথচারী (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ ঘাতক দুটি বাস আটক করলেও চালকদের গ্রেপ্তার করতে পারেনি। দুটি ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএআর/এমএসবি/১৬৫২ ঘ.