কিশোরগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জিএমএস ফরিদ এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন- মুকসুদ আলম (২৫)। তার বাড়ি পাকুন্দিয়া উপজেলার চর পাকুন্দিয়া গ্রামে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
২০০৫ সালের ২ জুন চর পাকুন্দিয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের মেয়েকে (১৫) ধর্ষণ করে প্রতিবেশী মুকসুদ আলম। এ ঘটনায় মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে এবং পরবর্তীতে একটি মেয়ে সন্তান জন্ম দেয়।
ধর্ষণের ঘটনায় মো. মফিজউদ্দিন পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
বিচারক তার রায়ে জরিমানার তিন লাখ টাকা ধর্ষিতাকে দেওয়ার এবং তার শিশুকন্যাকে ২১ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণের ব্যয় বহন ও সম্পত্তির উত্তারাধিকার করার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট জহিরুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জিন্নাতুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০৭ ঘ.
bdnews24