ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে রাজনৈতিক দলের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের শিগগিরই আমন্ত্রণ জানানো হবে।
বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এসব ব্যাপারে সমাজের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হবে।"
বুধবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনার জন্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদকে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান আমন্ত্রণ জানিয়েছিলেন। বৈঠকটি বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে হওয়ার কথা।
এ ব্যাপারে বানিজ্য উপদেষ্টা বলেন, "আওয়ামী লীগ নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ এর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা থাকলেও বৈঠকটি স্থগিত করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এটি অনুষ্ঠিত হবে।"
পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/এমএ/১৫০০ ঘ.
bdnews24