ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরে কালের সাক্ষী এক আম গাছের নিচে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার।
বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান পাকিস্তান কারাগারে বন্দি থাকায় সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
খন্দকার মোশতাক আহমেদ আইন, সংসদীয় ও পররাষ্ট্র দপ্তর, কামরুজ্জামান স্বরাষ্ট্র এবং মনসুর আলী অর্থ দপ্তরের দায়িত্ব পান। সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পান কর্নেল এম এ জি ওসমানী।
সেদিনের ঐতিহাসিক মুহূর্তে দেশ-বিদেশের শত শত সাংবাদিকের উপস্থিতিতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। তিনিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পড়ান। মেহেরপুরের ১২ জন আনসার সদস্য নবগঠিত সরকারকে গার্ড অব অনার প্রদান করেন।
অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়েছিল মেহেরপুর ও মুজিবনগরের এক ঝাঁক নিবেদিতপ্রাণ কর্মীর সহযোগিতায়।
বৃহস্পতিবার সকাল ছয়টায় রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে এবং দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করে আওয়ামী লীগ।
সকাল আটটায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী প্রমুখ।
আওয়ামী লীগ ছাড়াও দলটির অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এবং বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় কারাবন্দী শেখ হাসিনার মুক্তির দাবিতে শ্লোগান দেয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সকাল সাড়ে আটটায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ বনানীতে প্রথম সরকারের সদস্য জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের কবরে শ্রদ্ধা জানান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ক্ষমতায় আসীন সেনা-সমর্থিত সরকারের আমলে ৩ নভেম্বর কারাবন্দী অবস্থায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।
বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের সময় তোফায়েল আহমেদ সাংবাদিকদের কাছে দেওয়া তাঁর প্রতিক্রিয়ায় যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। সেখানেও অঙ্গসংগঠনগুলো পুস্পার্ঘ্য অর্পণ করে।
আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দিবসটি পালনের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্তসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা বুধবার রাতেই মুজিবনগরে গিয়েছেন। সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার কর্মসূচি রয়েছে আওয়ামী লীগের।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের বিভিন্ন জেলা একের পর এক পাক সেনাদের দখলে চলে যাওয়ায় বিপ্লবী সরকার গঠনের জন্য সীমান্তের নিকটবর্তী এক আম্রকাননকেই নিরাপদ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। স্থানীয় বৈদ্যনাথ বাবুর সেই আমবাগানের নামকরণ করা হয় মুজিবনগর। মুজিবনগরকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হিসেবেও ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসইউএম/এসকে/০৯৫৯ঘ.
bdnews24