ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ' এ প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে কারা-সপ্তাহ ২০০৮।
দেশের ১২টি কেন্দ্রীয় (একটি মহিলাসহ) এবং ৫৫টি জেলা কারাগারে উৎসবের আমেজে পালিত হবে কারা সপ্তাহ। এ উপলক্ষে ৫২ জন বন্দি ও কারারক্ষীকে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ আইজি (প্রিজন) পদক দেয়া হচ্ছে। বৃহস্পতিবার বকশিবাজার কারা অধিদপ্তরের মাঠে এ পদক প্রদান করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনালের এম এ মতিন।
এ নিয়ে দেশে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে কারা-সপ্তাহ।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান জানান, বন্দিদের কল্যাণ ও কারা প্রশাসনকে উজ্জীবিত করতে কারা-সপ্তাহ চালু করা হয়েছে। এতে কারা কর্মকর্তা ও কারারক্ষীদের মনোবল চাঙ্গা হবে।
কারা উপ-মহাপরিদর্শক মেজর সামছুল হায়দার ছিদ্দিকী বলেছেন, ধ্যানধারণার পরিবর্তন আনা হয়েছে। কারাগারগুলো শুধু বন্দিশালাই নয়, সংশোধনাগার হিসেবে বিবেচিত হচ্ছে। বন্দিদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে, যাতে তারা মুক্ত জীবনে গিয়ে সুন্দরভাবে বেঁেচ থাকতে পারে ।
কারা-সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে বন্দিদের তৈরি কুটিরশিল্প নিয়ে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২৩১৫ ঘ.
bdnews24