২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতের জন্য বিদ্যুৎ সঞ্চালন লাইন উন্মুক্ত করা হতে পারে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম বলেছেন, সরকার বেসরকারি খাতের জন্য বিদ্যুৎ সঞ্চালন লাইন ব্যবহার উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবছে। বুধবার রাজধানীর একটি হোটেলে 'বেটার বিজনেস থ্রু ইকো অ্যান্ড এনার্জি এফিশিয়েন্সি' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 06:03 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম বলেছেন, সরকার বেসরকারি খাতের জন্য বিদ্যুৎ সঞ্চালন লাইন ব্যবহার উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবছে। বুধবার রাজধানীর একটি হোটেলে 'বেটার বিজনেস থ্রু ইকো অ্যান্ড এনার্জি এফিশিয়েন্সি' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান। ম. তামিম বলেন, "বেসরকারি খাতের জন্য বিদ্যুৎ সঞ্চালন লাইন ব্যবহার উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। বেসরকারি উদ্যোক্তারা বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের কাজে ব্যবহার বা সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করতে পারবেন। এ জন্য সরকারি সঞ্চালন লাইনও ব্যবহার করতে পারবে তারা।" তিনি জানান, বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দর সম্পর্কেও খোঁজ নিচ্ছে সরকার। সুবিধা মতো দামে গ্যস পাওয়া গেলে সেক্ষেত্রে আমদানির কথা ভাববে সরকার। অধ্যাপক তামিম জানান, সরকারের জ্বালানি নীতির ৮০ শতাংশই বাস্তবায়িত হয়নি। আমাদের এ ব্যাপারে সমন্বিত নীতিমালা দরকার। বাস্তবায়ন নির্ভর করে নেতৃত্বের ওপর। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, দক্ষ ব্যবহারের মাধ্যমে আমাদের জ্বালানি সাশ্রয় করতে হবে। জ্বালানি খাতে অনুসন্ধান ও রক্ষণাবেক্ষণ আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। বিজিএমইএ'র সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, "জ্বালানির নিশ্চয়তা ছাড়া নতুন ব্যবসায় ঢুকতে পারছি না আমরা। বিদ্যুতের এমন অবস্থা চলতে থাকলে কয়েক বছরের মধ্যে স্থানীয় শিল্প ধ্বংস হয়ে যাবে। সরকারের উচিত ১৫ থেকে ২০ বছর মেয়াদি জ্বালানি কর্মপরিকল্পনা নেয়া।" বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন- বিজিএমইএ, নিটওয়্যার তৈরিও রপ্তানিকারকদের সংগঠন- বিকেএমইএ ও জিটিজেড যৌথভাবে হোটেল ওয়েস্ট ইনে এ সেমিনারের আয়োজন করে। এতে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ এর নির্বাহী পরিচালক ড. আতিক রহমান ও ড. খুরশিদুল ইসলাম যৌথভাবে প্রবন্ধ উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/এমএইচবি/২৩৫২ ঘ.