চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমায়িত মাছের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে উদ্যোক্তাদের আকৃষ্ট করার জন্য আরও বেশি লাইসেন্স দেয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার।
বুধবার চট্টগ্রাম নগরীর ষোলশহরে 'মৎস্য মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার' এবং নির্মাণাধীন 'অণুজীব পরীক্ষাগার' পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় হিমায়িত মাছ রপ্তানির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে মানিক লাল বলেন, "চিংড়ি ও মাছ রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান বজায় রাখার কোনো বিকল্প নেই। এ জন্য সরকার কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ ও কারিগরী সহায়তার ব্যবস্থা করবে।"
চট্টগ্রাম মৎস্য মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল জলিল সভায় জানান, চলতি অর্থবছরে মার্চ মাস পর্যন্ত এক হাজার ছয়শ কোটি টাকার হিমায়িত মাছ, চিংড়ি ও শুটকি রপ্তানি করা হয়েছে। এ অর্থবছরেই আরও চারশ' কোটি টাকার পণ্য রপ্তানি হবে।
চলতি অর্থ বছর এই খাত থেকে ১৬ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বলেও জানান তিনি।
আব্দুল জলিল জানান, এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে অণুজীব পরীক্ষাগার ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আগামী জুনের মধ্যে সেখানে কাজকর্ম শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মানিক লাল সমদ্দার সকালে চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমীর ২৬তম ব্যাচের ক্যাডেটদের মধ্যে সনদ বিতরণ করেন। বিকেলে নগরীর সাগরিকা রোডে হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা 'সার এন্ড কোম্পানি' পরিদর্শন করেন।
অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল জলিলসহ রপ্তানিকারক সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/২১৪০ ঘ.
bdnews24