ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, তার স্ত্রী ও সন্তানদের নামে ১০টি ব্যাংকের ১৩টি শাখায় থাকা অ্যাকাউন্ট সংক্রান্ত কাগজ-পত্র জব্দ করতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাদের আয়কর সংক্রান্ত নথি ও অন্যান্য কাগজ-পত্র জব্দ করার জন্য কমিশনের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডেও (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, প্রিমিয়ার, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টাড, এনসিসি ও হাবিব ব্যাংকের ১৩টি শাখায় খোকা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা অ্যাকাউন্ট সংক্রান্ত কাগজ-পত্র জব্দ করতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, "খোকা ও তার পরিবারের সদস্যদের আয়কর সংক্রান্ত নথি ও সংক্রান্ত কাগজ-পত্র জব্দ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডেও চিঠি দেয়া হয়েছে। তাদের নামে থাকা সম্পত্তির দলিল জব্দ করার জন্য আগামী সপ্তাহে বিভিন্ন সাব-রেজিস্ট্রার অফিসে চিঠি দেয়া হবে।"
সম্পত্তির তথ্য গোপন ও ঘোষিত আয়ের বাইরে অতিরিক্ত সম্পদের মালিক হওয়ার অভিযোগে খোকা, তার স্ত্রী ইসমত আরা, মেয়ে সারিকা সাদেক ও ছেলে ইসরাক হোসেনের বিরুদ্ধে গত ২ এপ্রিল মামলা করে কমিশন।
রমনা থানার দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, সাদেক হোসেন খোকা কমিশনে জমা দেয়া হিসাব বিবরণীতে ৯ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি ঘোষিত আয়ের বাইরে ১৭ কোটি ৫৭ লাখ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। তার স্ত্রী ও সন্তানরা এ কাজে তাকে সহযোগিতা করেছে।
খোকা তার হিসাব বিবরণীতে নিজের নামে ৩ কোটি ৩৩ লাখ, স্ত্রীর নামে ৫ কোটি ২৮ লাখ ৫৮ হাজার, ছেলের নামে ৯১ লাখ ৬২ হাজার এবং মেয়ের নামে ৫১ লাখ ৪২ হাজার টাকার সম্পত্তিসহ প্রায় ১০ কোটি ৪ লাখ টাকার হিসাব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএ/১৯৫২ ঘ.
bdnews24