২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক সংলাপে বসতে চাইলে শর্ত ছাড়তে হবে: গোলাম কাদের

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গোলাম কাদের বুধবার বলেছেন, শর্তহীনভাবে না আসতে চাইলে খোন্দকার দেলোয়ারপন্থী বিএনপিকে প্রাক সংলাপে বসার জন্য আর ডাকা নাও হতে পারে। বিএনপির ওই অংশকে চূড়ান্ত সংলাপে ডাকা হবে কি না তা পরে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সরকারের আরেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গোলাম কাদের বুধবার বলেছেন, শর্তহীনভাবে না আসতে চাইলে খোন্দকার দেলোয়ারপন্থী বিএনপিকে প্রাক সংলাপে বসার জন্য আর ডাকা নাও হতে পারে। বিএনপির ওই অংশকে চূড়ান্ত সংলাপে ডাকা হবে কি না তা পরে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সরকারের আরেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বুধবার গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও আইন উপদেষ্টা হাসান আরিফ প্রাক সংলাপের অগ্রগিত নিয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকের পর গোলাম কাদের সাংবাদিকদের বলেন, "কারও জন্য অপেক্ষা করা যাবে না। সংলাপ শুরু হয়ে যাবে। তবে প্রাক সংলাপ শেষ হতে আরও সাত দিন সময় লাগবে।" বিএনপি'র যে অংশ সংলাপে যোগ দেয়নি তাদের চূড়ান্ত সংলাপে ডাকা হবে কি না এ প্রশ্নের জবাবে উপদেষ্টা হাসান আরিফ বলেন, "চূড়ান্ত সংলাপে তাদের ডাকা হবে কি না তা পরে দেখা যাবে।" সরকারের আমন্ত্রণ পাওয়ার পর বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত সাত নেতা মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় তত্ত্বাবধায়ক সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে খোন্দকার দেলোয়ারপন্থী বিএনপিকে প্রাক সংলাপে বসার আমন্ত্রণ জানানো হলেও তিনি শর্ত দিয়েছেন, যে কোনো পর্যায়ের সংলাপে বসার আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাকে দেখা করতে দিতে হবে। সংলাপ কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে হাসান আরিফ সাংবাদিকদের বলেন, "তা এখনই বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগসহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আগামী মে মাসের মধ্যে সংলপ শেষ করার তাগিদ রয়েছে।" প্রাক সংলাপের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, "বরফ যতটা শক্ত মনে করেছিলাম, আসলে ততোটা নয়। আমরা জমি কর্তন করে ক্ষেত্র তৈরি করে দিচ্ছি। শিগগিরই আমরা সংলাপের চূড়ান্ত পর্যায়ে যাব।" হোসেন জিল্লুর রহমান জানান, প্রাক সংলাপে রাজনৈতিক নেতাদের কাছে থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে একটি রূপরেখা তৈরি করা হবে। এর ভিত্তিতে প্রধান উপদেষ্টা সংলাপের দিনক্ষণ ও আঙ্গিক নির্ধারণ করবেন। তিনি বলেন, "আমাদের প্রস্তুতি কিছুটা বাকি রয়েছে। সংলাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা সব রকম প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। প্রাক সংলাপ শেষ হলেই আমরা আনুষ্ঠানিক সংলাপে যেতে পারব।" প্রাক সংলাপে বিএনপির সংস্কারপন্থী অংশের নেতারা রাজনীতিবদদের জন্য আচরণবিধি তৈরির যে প্রস্তাব করেছে সে ব্যাপারে সরকারের মতামত জানতে চাইলে তিনি বলেন, "আমরা যা কিছু করব তা জনগণকে জানিয়েই করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/কিউএইচ/জেকে/এমএ/১৭৫২ঘ.