২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

বাগেরহাট ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় বুধবার দুই জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বাগেরহাট প্রতিনিধি জানান, ফকিরহাট উপজেলায় খুলনা-মাওয়া মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়াছিন (২০) নামে এক যুবক বুধবার সকালে নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় বুধবার দুই জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বাগেরহাট প্রতিনিধি জানান, ফকিরহাট উপজেলায় খুলনা-মাওয়া মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়াছিন (২০) নামে এক যুবক বুধবার সকালে নিহত হন। ইয়াছিন খুলনার কয়রা উপজেলার তাইনার হানিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। ফকিরহাট থানার উপ-পরিদর্শক শেখ তাসমিন আলম জানান, ফকিরহাটের ফলতিতা মাছ বাজারের সামনে খুলনাগামী একটি বাস ইয়াছিনকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নড়াইল প্রতিনিধি জানান, লোহাগড়া উপজেলার মাইটকুমড়া গ্রামে বুধবার সকালে একটি প্রাইভেট কারের ধাক্কায় শফিকুল ইসলাম (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়। শফিকুল ইসলাম লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের মাইটকুমড়া গ্রামের শের আলীর ছেলে। সে মাইটকুমড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রবীর কুমার জানান, সকাল ১০টার দিকে কালনা-নড়াইল সড়কে মাইটকুমড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল রাস্তা পার হচ্ছিল। ওই সময় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। প্রাইভেট কারটিকে সনাক্ত করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২৯ ঘ.