ঝিনাইদহ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে চালককে হত্যা করে একটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
নিহত সুমন (২২) কালীগঞ্জের সোনালীডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে দুই ব্যক্তি কোলা এলাকায় ভাড়ায় যাওয়ার কথা বলে সুমনের মোটর সাইকেলটি ভাড়া করে। কিছু দূর যাওয়ার পর খলিশাডাঙা গ্রামে সুমনকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, গুরুতর আহত সুমনকে গ্রামবাসী কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। ভোররাতে তার মৃত্যু হয়।
পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে বলে আসলাম খান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২২৯ ঘ.
bdnews24