২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ১৭

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতিতে বুধবার ভোররাতে একটি বাস ও ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি কে এস রহমান শফি জানাচ্ছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 03:21 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

টাঙ্গাইল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতিতে বুধবার ভোররাতে একটি বাস ও ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি কে এস রহমান শফি জানাচ্ছেন বিস্তারিত। নিহতরা হচ্ছেন সাইফুল ইসলাম (৪৫), সোলেমান (৪৫), সিরাজুল (৩০), কোরবান আলী (২৫), আহমদ আলী (৪২), ফারুক হোসেন (২৬), আহাদ হোসেন (৩৫), শফিক (৩২), দুলাল হোসেন (৩৮), ফারুক হোসেন (৩০), মনির হোসেন (৩৫), সুজাত আলী (৫০), আল আমিন (২০), গোলাম হোসেন (২০), ফজলুল হক (৪৫), আলাউদ্দিন (৪২) এবং বাস চালক আব্দুস সামাদ (৪৫)। নিহতরা সবাই বোল্লা ইউনিয়নের বাসিন্দা। কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল্লাহিল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালিহাতির বোল্লারামপুর থেকে রাত দুইটার দিকে প্রায় ৭০ জন কাপড় ব্যবসায়ীকে নিয়ে একটি বাস করটিয়া হাটের দিকে রওনা দেয়। ভোর তিনটার দিকে কালিহাতি উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়।" এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৬ জন ও হাসপাতালে নেওয়ার পথে অপর একজন মারা যান। নিহতদের মধ্যে ১৬ জনই কাপড় ব্যবসায়ী। রেল ক্রসিংয়ের গেটম্যান ঘুমিয়ে থাকায় ক্রসবার না নামানোয় এ দুর্ঘটনা ঘটে বলেও সাইফুল্লাহিল আজম জানান। দুর্ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরই পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। জেলা প্রশাসক আকতার আলি সরকার, পুলিশ সুপার আব্দুল মান্নান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালান। বাসটি ভোর ছয়টার দিকে খাদ থেকে তোলা হয়েছে। বোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান আসলাম ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলেও লাশ এখনও হস্তান্তর করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১০০০ ঘ.