২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পর্যটন শিল্পে বিনিয়োগে আগ্রহী আরব আমিরাত

কক্সবাজারের পর্যটন শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ রাজ্য সরকার। পাঁচ তারকা হোটেল, আন্তর্জাতিক মানের বিপণন কেন্দ্র, গলফ ক্লাব ও থিম পার্ক করার প্রস্তাব দিয়েছে তারা। তবে বাংলাদেশ সরকার চায়, রাস আল খাইমাহ সরকার তাদের বিনিয়োগের মাধ্যমে সোনাদিয়া দ্বীপকে বিশেষ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 02:14 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

কক্সবাজার, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের পর্যটন শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ রাজ্য সরকার। পাঁচ তারকা হোটেল, আন্তর্জাতিক মানের বিপণন কেন্দ্র, গলফ ক্লাব ও থিম পার্ক করার প্রস্তাব দিয়েছে তারা। তবে বাংলাদেশ সরকার চায়, রাস আল খাইমাহ সরকার তাদের বিনিয়োগের মাধ্যমে সোনাদিয়া দ্বীপকে বিশেষ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলুক। বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে রাস আল খাইমাহ'র যুবরাজের উপদেষ্টা ও উপ-শাসক ড. খাতের মাসাদ মঙ্গলবার কক্সবাজার সফর করেছেন। কক্সবাজারের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে ড. খাতের মাসাদ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহেদী ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মোহাম্মদ যুবায়েরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজার আসেন। হোটেল শৈবালের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও কক্সবাজার সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত জানান বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (পরিকল্পনা) পারভেজ আহমদ চৌধুরী ও কক্সবাজারের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান। এরপর প্রতিনিধি দলটি ড. খাতের মাসাদের আকাশ পথে কক্সবাজার, সোনাদিয়া ও সেন্টমার্টিন এলাকা ঘুরে দেখেন। এই তিনটি স্থান ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের বলেন, কক্সবাজার অত্যন্ত সুন্দর একটি এলাকা। সেন্টমার্টিন দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্সবাজারে বিনিয়োগের ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে। তিনি আরও বলেন, ১০ বছর ধরে বাংলাদেশে তাদের বিনিয়োগ রয়েছে। তিনি কক্সবাজারে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল করার পরিকল্পনার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (পরিকল্পনা) পারভেজ আহমদ চৌধুরী জানান, রাকিন ডেভলপমেন্ট কোম্পানির মাধ্যমে রাস আল খাইমাহ সরকার কক্সবাজারে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তারা কক্সবাজারে একটি পাঁচ তারকা হোটেল, আন্তর্জাতিক মানসম্পন্ন শপিং মল, গলফ ক্লাব ও থিম পার্ক করার প্রস্তাব দিয়েছে। তারা এই ক্ষেত্রে 'আনলিমিটেড' বিনিয়োগ করতে আগ্রহী বলে তিনি জানান। পর্যটন কর্মকর্তা পারভেজ আহমদ বলেন, বাংলাদেশ সরকার চাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিটি সোনাদিয়াকে 'এক্সক্লুসিভ টুরিষ্ট জোন' হিসেবে গড়ে তুলুক। তবে সিদ্ধান্ত তাদের হাতে। প্রতিনিধি দলটির সঙ্গে রাকিন ডেভলপমেন্ট কোম্পানি, বাংলাদেশ'র ব্যবস্থাপনা পরিচালক ইকরাম্জ্জুামান ও আরএকে সিরামিক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক আমির হোসেনও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.