পিরোজপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে ভালনারেবল গ্র"প ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির আওতায় দুঃস্থ মহিলাদের নির্ধারিত পরিমাণের চেয়ে চাল কম দেওয়ার কারণ জানতে চেয়ে ইউপি চেয়ারম্যানসহ দুজনকে নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আহাদ ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মর্কতা মজিবর রহমানকে এই নোটিশ দিয়েছেন। এর পাশাপাশি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আক্তারুজ্জামানকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটিও করা হয়েছে।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ধাওয়া ইউনিয়নে ১২৪ জন ভিজিডি কার্ডধারীকে নির্ধারিত ৩০ কেজি করে চাল দেওয়া হয়। চাল পাওয়ার পর ওজনে কম দেওয়া হয়েছে বলে কয়েকজন মহিলার সন্দেহ হয়। পরে তারা অন্য জায়গায় মেপে দেখেন ৬ কেজি করে চাল কম দেওয়া হয়েছে। মহিলারা বিষয়টি তাকে জানান।
তিনি জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ভূমি কর্মকর্তা এসএম শফিউল আজম ও প্রকৌশলী সেকেন্দার জাকিরসহ তিনি ঘটনাস্থলে যান এবং অভিযোগের সত্যতা পান। সোমবার রাতে ওই দুজনকে শোকজন নোটিশ দেওয়া হয়েছে।
তবে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এছাড়া কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টিও তিনি স্বীকার করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24