চট্টগ্রাম, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হালিশহর থানায় ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার হওয়ার শোকে এক পুলিশ কনস্টেবলের মা ও ভাইয়ের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার হালিশহর থানা পুলিশ হালিশহর জি ব্লকের একটি বাসা থেকে মো. শামীম নামে এক যুবককে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠায়।
এ ঘটনার পর প্রথমে রোববার রাতে শামীমের মেজ ভাই আখতার হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সোমবার বিকেলে তার লাশ দাফনের কিছূক্ষণ পর তাদের বৃদ্ধ মা সালেহা বেগমও মানসিক আঘাত সইতে না পেরে বিকাল ৫টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে জানতে চাইলে গ্রেপ্তারকৃত শামীমের বড় ভাই রাজশাহী গোদাবাড়ি মডেল থানার কনস্টেবল জহির উদ্দিন আহমদ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শামীমকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। পুলিশ তার কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিল।"
টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে ধর্ষণের মামলায় আসামি করে গ্রেপ্তার করানো হয় বলে তিনি অভিযোগ করেন।
মা ও ভাইয়ের মৃত্যুর কাহিনী বর্ণনা করতে গিয়ে কনস্টেবল জহির কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, "আমিও পুলিশ কিন্তু পুলিশ বিভাগের লোকই আমাদের পরিবারটিকে ধ্বংস করে দিয়েছে।"
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশের বিরুদ্ধে মামলা বা কোন ধরনের অভিযোগ করবেন কিনা জানতে চাইলে শোকাহত কনস্টেবল বলেন, "এখন আমি কিছূই ভাবতে পারছি না।"
এ ব্যাপারে হালিশহর বি ব্লকের বাসিন্দা ও গ্রেপ্তারকৃত শামীমের প্রতিবেশী মুজিব উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার অনুরূপ বর্ণনা দিয়ে জানান, হালিশহর থানার উপ-পরিদর্শক মো. জহির ব্যবসায়ী শামীমের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে।
সোমবার সন্ধ্যায় কর্তব্যরত কর্মকর্তা ও অভিযুক্ত উপ-পরিদর্শক মো. জহির ঘুষ বা চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, "ব্যবসায়ী শামীম একটি ধর্ষণ মামলার আসামি সেই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।"
শামীমকে গ্রেপ্তারের পর তার মা ও ভাইয়ের মৃত্যুর বিষয়টি তিনি জানেন না বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএআর/এমএ/২২১০ ঘ.
bdnews24