চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ চট্টগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক।
রোববার বিকালে কক্সবাজারের খুরুলিয়া বাজারে এস আলম পরিবহনের একটি বাস শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসকে পেছনে থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাসের অপর যাত্রীরা হলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক, একই বিভাগের অধ্যাপক সুশান্ত কুমার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন ও তার স্ত্রী।
গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে খুরুলিয়া বাজারের কাছে একটি গরু হঠাৎ করে মাইক্রোবাসের সামনে দাঁড়িয়ে পড়ে। এতে চালক গাড়ির গতি কমিয়ে আনলে পেছনে থেকে এস আলমের একটি বাস মাইক্রোবাসের পেছনে আঘাত করে। এতে মাইক্রোবাসের যাত্রীরা গাড়ির ভিতরে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। গাড়ির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
সালেহ উদ্দন জানান, সবাই কম বেশি আঘাত পেলেও কেউ গুরুতর আহত হননি। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ বাসটি আটক করেছে। কক্সবাজার থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/জেকে/এমএইচবি/২২৪৬ ঘ.
bdnews24