ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা বিচারপতি ফজুলল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
এছাড়া ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেন রাজ, মেয়ের জামাই তারিকুর রহমান প্রিন্স, রাজের বন্ধু সুজাউদ্দিন হাসান সুজন ও জাস্টিস খান ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল মালেকের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে কমিশন।
কমিশনের সহকারি পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রোববার রমনা থানায় ফজলুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ফজলুল হক অবৈধভাবে ৯৭ লাখ ৩৭ হাজার ৪৪ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে এই সম্পদের তথ্য গোপন করেছেন।
কমিশন গত বছরের ১৮ নভেম্বর ফজলুল হকের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়। ২৬ নভেম্বর তিনি ৯৩ লাখ ৯৭ হাজার ১৭৮ টাকার স্থাবর এবং ৩ লাখ ৩৯ হাজার ৮৬৬ টাকার অস্থাবর সম্পত্তির হিসাব দেন।
কমিশনের তদন্তে দেখা যায়, ফজলুল হক তার ছেলের ব্যাংক হিসাবের মাধ্যমে ১২ কোটি টাকা লেনদেন করেছেন। এছাড়া তিনি মেয়ের জামাইয়ের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/একেএম/জেকে/২০২৬ ঘ.
bdnews24