২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের আশ্বাসে গ্যাস ব্যবহার কমানোর নির্দেশনা থেকে সরে এল সরকার

শিল্প-কারখানায় ৪০ শতাংশ গ্যাস কম ব্যবহারের ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা থেকে সরে এসেছে সরকার। এর বদলে কারখানা মালিকরা নিজেরাই বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আশ্বাস দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প-কারখানায় ৪০ শতাংশ গ্যাস কম ব্যবহারের ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা থেকে সরে এসেছে সরকার। এর বদলে কারখানা মালিকরা নিজেরাই বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিমের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের সভাকক্ষে ওই বৈঠকে ব্যবসায়ী নেতাদের পক্ষে ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি আবদুল হাই সরকার ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক। পরে উপদেষ্টা ম. তামিম সাংবাদিকদের বলেন, "দেশে গ্যাস ও বিদ্যুতের যে সমস্যা রয়েছে তা কারো একার সমস্যা নয়, এটা দেশের সমস্যা। সবাইকে এটা বুঝতে হবে। গ্যাসের সরবরাহ বাড়াতে আরো সময় লাগবে। তাই আমাদের ব্যবহার কমাতে হবে। এ জন্য ব্যবসায়ী নেতাদের চিঠি দিয়ে গ্যাসের ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছিল।" তিনি বলেন, "ব্যবসায়ীরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে গ্যাস ও বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হতে রাজি হয়েছেন। তবে ব্যবহার কমানোর বিষয়টি তারা তিতাস বা সরকারের মনিটরিংয়ে না রেখে নিজেদের হাতে রাখতে চান।" অধ্যাপক তামিম জানান, "বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার কতোটা কমানো যাবে- সে ব্যাপারে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। তবে ১৫ দিনের মধ্যে তারা এ বিষয়ে একটি তালিকা করে মন্ত্রণালয়ে পাঠাতে রাজি হয়েছেন। তারা যথাযথভাবে মনিটরিং শুরু করলে সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি আমরা।" বৈঠকের পর বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম সাংবাদিকদের বলেন, "আমরা তিতাসের চিঠি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ওই সিদ্ধান্ত বহাল রাখা হলে শিল্প প্রতিষ্ঠানগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো।" তিনি বলেন, "গ্যাস সরবরাহ কমিয়ে দিলে শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ২০ শতাংশ কমে যাবে। ইতোমধ্যেই বিদ্যুতের কারণে ২০ শতাংশ উৎপাদন কমেছে। এ অবস্থা চলতে থাকলে শিল্প-কারখানাগুলো মুখ থুবড়ে পড়বে। আমরা উপদেষ্টার সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুতের অপচয় কমানোর আশ্বাস দিয়েছি। আগামী ১৫ দিনের মধ্যে একটি তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো।" বিটিএমএ সভাপতি আবদুল হাই বলেন, "গ্যাস সঙ্কট নিরসনে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একটা সমঝোতা হয়েছে। আমরা নিজেরাই মনিটরিং করে গ্যাস ও বিদ্যুত সাশ্রয়ের বিষয়টি দেখব। এক্ষেত্রে তিতাস বা সরকারের মনিটরিংয়ের প্রয়োজন হবে না।" বিদ্যুৎ সচিব ফাওজুল কবির খান ও জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে গত ৩ এপ্রিল ঢাকা ও আশেপাশের এলাকার শিল্প কারখানাগুলোতে চিঠি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস ব্যবহার ৪০ শতাংশ কমাতে বলা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত অনুসরণ করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়। এ পরিপ্রেক্ষিতে বিকেএমইএ কর্তৃপক্ষ ৫ এপ্রিল সংবাদ সম্মেলন করে জানায়, গ্যাস ব্যবহার কমানোর এই নির্দেশনা দুই মাসও কার্যকর থাকলে এ খাতে রপ্তানি আয় ১০০ কোটি ডলার কমে যেতে পারে। অন্যান্য খাতের ব্যবসায়ীরাও সিদ্ধান্তটি পর্যালোচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএ/১৮৫১ঘ.