২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু বাবলু হত্যা মামলায় চাচা-চাচিসহ ৫ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের হালিশহর আবাসিক এলাকার আট বছর বয়সী শিশু হাসান মুরাদ বাবলু হত্যার দায়ে এক নারীসহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হালিশহর আবাসিক এলাকার আট বছর বয়সী শিশু হাসান মুরাদ বাবলু হত্যার দায়ে এক নারীসহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বুধবার চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ লা মং এ মামলার রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাবলুর চাচা ও চাচিও রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বাবলুর চাচা আবুল কাশেম, চাচি সেলিনা আক্তার এবং তিন ভাড়াটিয়া রফিক ফরাজী, মোহাম্মদ শাহজাহান ও জসিম উদ্দিন। সব আসামিই কারাগারে রয়েছে। আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আবুল কাশেম ও সেলিনা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর এবং অপর তিন জনকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের নির্দেশ দেন। মামলার অপর আসামি আবুল কাশেমের মেয়ে মুন্নী আক্তার (১৬) প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার বিচার কার্যক্রম কিশোর আদালতে হবে বলে আদালত জানায়। মুন্নী বুধবার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এফ এম এ রাজ্জাক জানান। পারিবারিক বিরোধের জের ধরে ২০০৪ সালের ২০ জানুয়ারি হালিশহর এলাকার আবু জাফরের আট বছর বয়সী ছেলে বাবলুকে হত্যা করা হয়। এ ঘটনায় বাবলুর বাবা আবু জাফর বাদি হয়ে পরদিনই হালিশহর থানায় মামলা করেন। মামলায় বলা হয়, ২০০৪ সালের ২০ জানুয়ারি চাচাতো বোন মুন্নী বেড়ানোর নাম করে বাবলুকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আবুল কাশেমসহ অন্য আসামিরা বাবলুকে হত্যা করে। ওই রাতেই বাবলুর ক্ষতবিক্ষত লাশ হালিশহর এলাকার একটি মাঠে পাওয়া যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আবুল কাশেম ছাড়া অপর চার আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় সাক্ষ্য দেন ১২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৯৩৮ ঘ.