২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে ইসির সংলাপের রায় বৃহস্পতিবার

বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রিটের ওপর বৃহস্পতিবার রায় দেবে হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করবেন। কমিশনের পক্ষ থেকে এরই মধ্যে এই মামলার কৌঁসুলি হিসেবে ড. কামাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রিটের ওপর বৃহস্পতিবার রায় দেবে হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করবেন। কমিশনের পক্ষ থেকে এরই মধ্যে এই মামলার কৌঁসুলি হিসেবে ড. কামাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনী সংস্কার আইন নিয়ে এতদিনেও বিএনপির সঙ্গে সংলাপ শেষ করতে না পারায় আইনগুলো চূড়ান্ত করার কাজে দৃশ্যত এরই মাঝে পিছিয়ে পড়েছে নির্বাচন কমিশন। গত বছর ১৫ জুলাই ঘোষিত কমিশনের নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর -- এই তিন মাসে সংলাপ শেষ করে এ বছর ফেব্র"য়ারিতে আইনগুলো চূড়ান্ত ও মার্চের মধ্যে তা গেজেট আকারে প্রকাশ হওয়ার কথা। একমাত্র বিএনপি ছাড়া কমিশন এপর্যন্ত ১৫ টি রাজনৈতিক দলের সঙ্গে সেপ্টেম্বর ও ফেব্র"য়ারিতে দুদফায় সংলাপ শেষ করেছে। এ প্রসঙ্গে স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা গত ৩ এপ্রিল সাংবাদিকদের বলেন, "রোডম্যাপ অনুযায়ী মার্চের মধ্যে সংস্কার আইন চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু বিএনপির সঙ্গে সংলাপ শেষ না হওয়ায় এই কাজ থেকে আমরা পিছিয়ে গেলাম। সময় মতো কাজটা শেষ করতে পারলে ভালো লাগতো। কিন্তু তার মানে এই নয় যে, নির্বাচনের কাজ ব্যাহত হবে। এটি রোডম্যাপের অনেকগুলো অনুষঙ্গের একটি মাত্র অনুষঙ্গ।" সিইসি জানান, তারা আদালতের রায় মেনেই বিএনপির সঙ্গে সংলাপে বসবে। এই রায় বিএনপির যে অংশের পক্ষেই যাক না কেন, কমিশন এর বিরুদ্ধে কোনো আপিল করবে না। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত ২২ নভেম্বর বিএনপির সঙ্গে প্রথম দফার সংলাপে বসার কথা ছিল নির্বাচন কমিশনের। বিএনপির সঙ্গে সংলাপ করতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনকে কমিশন চিঠি দিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে গত ১৮ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেয়া চিঠির কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে। একইসঙ্গে এ চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চায় আদালত। এই মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার মামলাটির রায় হতে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এটি/এমএ/১৭৩৫ ঘ.