ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে জরুরি সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন খোন্দকার দেলোয়ার হোসেন।
বুধবার বিকালে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিবের চিঠিটি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
এর আগে সকালে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের জানান, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে কোনও কথা না বলে তারা সরকারের সঙ্গে সংলাপে বসবেন না। তবে বিএনপির 'সংস্কারপন্থী' অংশ হিসাবে পরিচিত অংশের নেতা হাফিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, তারা সরকারের সঙ্গে সংলাপে বসতে রাজি।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে খোন্দকার দেলোয়ার হোসেনের চিঠিটি বুধবার বিকাল ৪টায় সংসদ ভবনের বিশেষ কারাগারের সুপারের কাছে পৌঁছে দেন রিজভী আহমেদ।
চিঠি হস্তান্তরের পর রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার সংলাপের প্রাক বৈঠকের যে প্রস্তাব দিয়েছে সে বিষয়ে চেয়ারপার্সনের সঙ্গে আলাপ করতেই মহাসচিব কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। এ চিঠি আমি নিজে দিয়ে এসেছি।"
সংলাপের প্রাক প্রস্তুতিমূলক আলোচনার জন্য মঙ্গলবার বিএনপির দুই অংশের সঙ্গে যোগাযোগ করেন উপদেষ্টারা। এর একদিন আগে সোমবার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন পাঁচ জন উপদেষ্টা। আওয়ামী লীগের সঙ্গে আবার বসতে চেয়ে বুধবার দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে টেলিফোন করেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
খোন্দকার দেলোয়ার হোসেন এর আগে গত বছরের ডিসেম্বরে কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য বিশেষ কারাগারে যান। তবে তিনি দেখা করার অনুমতি পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএ/১৭২৩ঘ.
bdnews24