সাভার, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্টিনে নিুমানের খাবার পরিবেশনের অভিযোগে মঙ্গলবার সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে পুলিশ ও বেপজা কর্মকর্তাসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন পুলিশ।
ডিইপিজেডের পুরাতন জোন এলাকায় অবস্থিত এক্সপ্রিয়ান্স ক্লথিং নামের ওই পোশাক কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকরা তুচ্ছ কারণে ভাংচুর শুরু করে। অপরদিকে শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের গাড়ি সুবিধা, ওভারটাইমের টাকা এবং বাৎসরিক বোনাস ঠিকমত দেওয়া হচ্ছে না। এ নিয়ে কথা বলতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এর পাশাপাশি ক্যান্টিনে প্রায়ই পচা, নিুমানের খাবার দেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে এক্সপ্রিয়ান্স ক্লথিং নামের একটি পোশাক কারখানায় শ্রমিকরা ক্যান্টিনে খাবার খেতে যান। তারা খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে ক্যান্টিনে দায়িত্বরত কর্মচারিদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে বেপজা কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ এবং কারখানা কর্তৃপক্ষ তাদের বাধা দিতে গেল শুরু হয় সংঘর্ষ।
তিনি জানান, এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ ও বেপজার কয়েকজন কর্মকর্তাসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। এরা হলেন- আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, উপ-পরিদর্শক মুখলেসুর রহমান, সহকারী উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস, আর্মড পুলিশ সদস্য শহীদুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজার) পরামর্শক নাইমা হক, বেপজার সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, কমার্শিয়াল ম্যানেজার মেহবুব আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা গণপতি বিশ্বাস, ব্যবস্থাপক খালেদ মাহমুদ, কর্মকর্তা দীপক।
কারখানার শ্রমিকদের মধ্যে আহত হয়েছেন- মাসুদা বেগম, মহসিনা, সেতারা বেগম, শাহনাজ আক্তার, মোজাম্মেল হক, চায়না, পাপিয়া চৌধুরীসহ আরও কয়েকজন। আহতদের কয়েকজনকে ডিইপিজেডের বেপজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "বিক্ষুব্ধ শ্রমিকদের হাত থেকে পুলিশও রক্ষা পায়নি। পুলিশের ওপর হামলার ঘটনায় রাতে আশুলিয়া থানায় মামলা করা হবে।"
বেপজার জেনারেল ম্যানেজার এসএম আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাখানা কর্তৃপক্ষ বলেছে, শ্রমিকরা খেতে গিয়ে দেখেন গরুর মাংসের টুকরা ছোট। এতে তারা ক্ষিপ্ত হয়ে ব্যাপক ভাংচুর চালায়। তবে এর পেছনে আরও কোনো ঘটনা আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।"
শ্রমিক সানজিদা আক্তার, মিনারা বেগম, আনোয়ারা বেগম, আজাদ, আমিনুল ইসলাম, মিশু ও চায়নাসহ অনেকে জানান, দীর্ঘদিন যাবৎ কারাখানা কর্তৃপক্ষ তাদের গাড়ি সুবিধা থেকে বঞ্চিত করছে। ওভারটাইমের টাকা ঠিকমত দিচ্ছে না। বাৎসরিক বোনাসও দেয় না ঠিকমতো। দুপুরের খাবার নিম্নমানের। এসব বিষয়ে বেলা সাড়ে এগারটার দিকে কারাখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা দুর্ব্যবহার করে। এরপর দুপুরে খাবার খেতে গেলে পচা ও বাসি খাবার দেওয়া হয়। এর কারণ জানতে চাইলে ক্যান্টিনের লোকজন জানায়, কারখানার কর্তৃপক্ষ যেভাবে বলেছে সেভাবে খাবার দেওয়া হচ্ছে।
পাকিস্তানি নাগরিক মিয়া মাকসুদ আহমেদের মালিকাধীন এক্সপ্রিয়ান্স ক্লথিং কোম্পানি লিমিটেডের কর্মকর্তা শাহাদাৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা এতবড় ক্ষতি করবে তা চিন্তাই করা যায় না। তারা আচমকা লোহার রড় ও ইট-পাটকেল নিয়ে কারখানার ভেতরে ঢোকে। প্রথম তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত তারা ভাংচুর চালায়। আসবাপত্র, মেশিনপত্র, দরজা-জানালার কাচ ভাংচুর করেছে। নষ্ট হয়েছে লাখ লাখ টাকার কাপড়। আমার কম্পিউটারটিও ভেঙ্গে ফেলেছে।"
ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি বলেন, "বিভিন্ন গোয়ন্দা সংস্থা, পুলিশ, বেপজা কর্তৃপক্ষ, কারখানা কর্তৃপক্ষ ও ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছে।"
আগামীকাল কারখানা খোলা থাকবে নাকি বন্ধ থাকবে তা তিনি জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৮ ঘ.
bdnews24