চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারীরিক অক্ষমতার কারণে সিটি করপোরেশন এলাকায় যারা ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত ও ছবি তুলতে পারেননি তাদের ভোটার করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়।
এর আওতায় সোমবার ও মঙ্গলবার তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়-৩ এর কর্মকর্তা মো. দুলাল তালুকদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু শারীরিকভাবে অক্ষম ও বৃদ্ধদের এর আওতায় ভোটার করা ও ছবি তোলা হবে।"
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সিটি করপোরেশনভুক্ত প্রতিটি ওয়ার্ডের শারীরিক অক্ষম ও বৃদ্ধদের মধ্যে যারা সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে নাম অর্ন্তভুক্ত করাতে পারেননি তাদের তথ্য ও ঠিকানা সোমবার ও মঙ্গলবার রহমতগঞ্জের নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠাতে হবে। সেই তথ্যানুসারে পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের বাসায় গিয়ে ছবি তোলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24