চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাল-ডাল-তেল-সবজির পর এবার মূল্য বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে ডিম ও মুরগি। বিভিন্নি জেলায় বার্ড ফ্লু সংক্রমণের কারণে মুরগি ও ডিম উৎপাদন সাময়িক বন্ধ ও সরবরাহ কমে যাওয়ায় নগরীর পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
রোববার সকালে নগরীর খুচরা দোকানগুলোতে খামারের ডিম প্রতি হালি বিক্রি হয়েছে ২২ টাকায়। চারদিনের ব্যবধানে ডিমের হালিপ্রতি দাম বেড়েছে ২ থেকে তিন টাকা। এছাড়া খামার ও দেশি মুরগির দামও বেড়েছে কেজিতে দশ টাকা।
নগরীর রেয়াজুদ্দিন বাজারে পাইকারি দোকান ঘুরে জানা গেছে, চার-পাঁচদিনের ব্যবধানে ডিমের পাইকারি দাম প্রতি শতে দাম বেড়েছে ৭০ থেকে ৯০ টাকা পর্যন্ত। খামারের মুরগির (লাল) একশ' ডিম বিক্রি হচ্ছে ৫২০ টাকা, সাদা ৫০০ টাকা, দেশি মুরগির ডিম ৫২০ টাকা এবং হাঁেসর ডিম ৫৬০ টাকা দরে। রেয়াজুদ্দিন বাজার থেকে দেড় কিলোমিটার দূরে আসকার দীঘির পাড়ের খুচরা দোকানে খামারের ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ২২ টাকা দরে।
গত সপ্তাহে ডিমের দাম ছিল খামারের (লাল) প্রতি শ' ৪৫০, সাদা ৪৩০, দেশি ৪৪০ ও হাঁস ৪৮০ টাকা। খুচরা বাজারে সব ধরনের ডিম হালিপ্রতি বিক্রি হয়েছে গড়ে ১৯ টাকা।
রেয়াজুদ্দিন বাজারের পাইকারি ডিম বিক্রেতা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বার্ড ফ্লু'র কারণে মুরগির মড়ক ও নিধনের কারণে ডিম উৎপাদন কমে গেছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে।"
তিনি জানান, খামার ও দেশি মুরগির প্রতি শতে ৭০ টাকা এবং হাঁেসর ডিমে ৯০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তিন-চারদিন পর দাম আরও বাড়বে বলে তার ধারণা। গত বছর এপ্রিল মাসে খামারের মুরগির ডিম সাদা ও লাল উভয়ই প্রকার প্রতি শত ৩৮০ টাকা দরে বিক্রি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
রেয়াজুদ্দিন বাজারে চারদিনের ব্যবধানে খামারের মুরগির দাম বেড়েছে কেজিতে দশ টাকা। ৯৫ টাকায় বিক্রি হওয়া ফার্মের মুরগী রোববার সকালে বিক্রি হয়েছে ১০৫ থেকে ১১০ টাকা কেজি দরে। এছাড়া দেশি মুরগি ১৬৫ টাকা ও খামারের মুরগি (লাল) ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খূচরা মুরগি বিক্রেতা মোহাম্মদ হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্ড ফ্লু সংক্রমণ কমে যাওয়ায় মানুষ আবার মুরগির মাংস ও ডিমের দিকে ঝুঁকেছে। তাই মুরগির মাংস ও ডিমের চাহিদাও বেড়েছে। কিন্তু এর বিপরীতে সরবরাহ কম থাকায় দাম বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৫৩৫ ঘ.
bdnews24