ঢাকা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ মার্চ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ড.কামাল হোসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উপদেষ্টাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন। তবে এরইমধ্যে সবাই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে পাকিস্তানের রাজনৈতিক সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের আগ্রহ ইয়াহিয়া, পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ভুট্টো বা সামরিক কর্মকর্তাদের নেই।
আলোচনার নামে তাদের সামরিক প্রস্তুতির বিষয়টি বাঙ্গালি সামরিক কর্মকর্তাদের মতো সাধারণ মানুষের কাছেও ছিল স্পষ্ট।
মুজিব-ইয়াহিয়া আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতৈক্য হয়েছিল। এর মধ্যে ছিল সামরিক আইন প্রত্যাহার, প্রদেশে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর, প্রেসিডেন্ট পদে ইয়াহিয়ার বহাল থাকা, কেন্দ্রীয় আইন পরিষদের যুক্ত অধিবেশনের পস্তুতি হিসেবে জাতীয় পরিষেদে পূর্ব ও পশ্চিম পাকিস্তানী সদস্যদের পৃথক অধিবেশন ইত্যাদি।
২৪ মার্চ উভয় পক্ষের উপদেষ্টাদের চূড়ান্ত বৈঠকের পর প্রেসিডেন্ট ইয়াহিয়ার অর্থনৈতিক উপদেষ্টা এম এম আহমদ এসব প্রস্তাবের ব্যাপারে তার সংশোধনী উপস্থাপন করলেন। এর পর খসড়াটি চূড়ান্ত করার জন্য জেনারেল পীরজাদার বৈঠক আহ্বানের অপেক্ষা করা হচ্ছিল।
বৈঠকে ড. কামাল হোসেন রাষ্ট্রের নাম কনফেডারেশন অব পাকিস্তান রাখার প্রস্তাব দেন। বিচারপতি গিয়াস কনফেডারেশনের বদলে ইউনিয়ন শব্দটি প্রস্তাব করেন। লে. জেনারেল পীরজাদা বললেন, ২৫শে মার্চ চুক্তি স্বাক্ষরের সময় নাম চূড়ান্ত হবে। টেলিফোনেই সব ঠিক করা হবে বলে তিনি জানান। কিন্তু আওয়ামী লীগ নেতাদের কাছে সে ফোন আর আসেনি।
ইয়াহিয়ার উপদেষ্টারা আওয়ামী লীগকে কিছু না জানিয়েই ২৫ মার্চ সকালে করাচির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। অথচ আলোচনা কখনোই ভেঙে যায়নি।
২৪ মার্চ আওয়ামী লীগ নেতারা যখন সঙ্কট নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন চট্টগ্রাম, সৈয়দপুর ও ঢাকার মীরপুরে পাকিস্তানী সেনা কর্তৃপক্ষের ইঙ্গিতে অবাঙ্গালিরা সামরিক বাহিনীর সহযোগিতায় বাঙ্গালিদের ওপর হত্যাযজ্ঞ শুরু করে দেয়। রংপুর, সৈয়দপুর ও চট্টগ্রামে বিক্ষুদ্ধ জনতার সঙ্গে সৈন্যদের সংঘর্ষের খবর দিয়ে এনা জানায় এতে ১১০ জন নিহত হয়েছে। ২৫ মার্চের আগের দিনই অবাঙ্গালিরা পূর্ব পাকিস্তানে হত্যা-ধর্ষণ ও লুটপাট শুরু করে।
এদিন চট্টগ্রামে পশ্চিম পাকিস্তান থেকে আসা অস্ত্রবাহী জাহাজ সোয়াত থেকে মাল খালাস শুরু হয় পাকিস্তানী ব্রিগেডিয়ার আনসারীর তত্ত্বাবধানে। অস্ত্র খালাসের জন্য আগেই বাঙ্গালি সেনা কর্মকর্তাকে ঢাকায় ফিরিয়ে নিয়ে আনসারীকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
ডক শ্রমিকরা আগে অস্ত্র খালাস করতে রাজি না হওয়ায় এবার নিয়োগ করা হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের নবাগতদের। স্থানীয় জনগণ এতে আরো বিক্ষুদ্ধ হয়ে ওঠে। বন্দর থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত পথে গড়ে তোলা হয় অনেক ব্যারিকেড। জনতার ওপর গুলি চালায় পাক বাহিনী। হতাহত হলো বেশ কয়েকজন।
২৪ মার্চ যশোরে পূর্ব পাকিস্তান রাইফেলসের সদর দপ্তরে জওয়ানরা স্বাধীন বাংলাদেশের পতাকা তুলে অভিবাদন জানায়। এর সঙ্গে গাওয়া হয়, 'জয় বাংলা বাংলার জয়' গানটি।
ঢাকায় সেদিনও ৩২ নম্বর অভিমুখে ছিল বিক্ষুদ্ধ মিছিলের স্রোত। জনতার উদ্দেশে সেদিন বঙ্গবন্ধু বললেন, "আমার মাথা কেনার শক্তি কারো নেই। বাংলার মানুষের সাথে, শহীদের রক্তের সাথে আমি বেঈমানী করতে পারব না। আমি কঠোরতর সংগ্রামের নির্দেশ দেয়ার জন্য বেঁচে থাকবো কি-না জানি না। দাবি আদায়ের জন্য আপনারা সংগ্রাম চালিয়ে যাবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/২২১৫ ঘ.
bdnews24