বগুড়া, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া-৭ আসনের সাবেক বিএনপিদলীয় সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর স্ত্রী বেগম সামছুন্নাহার তালুকদারকে সম্পত্তির হিসাব গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।
বগুড়া জেলা স্পেশাল জজ মো. আনোয়ার ইসলাম রোববার এ আদেশ দেন। এর আগে সামছুন্নাহার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন।
বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আশীষ কুমার কুণ্ড সম্পত্তির হিসাব গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে ২০০৭ সালে হেলালুজ্জামান তালুকদার ও বেগম সামছুন্নাহার ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন।
এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
সরকারি কৌসুলি আবুল কালাম আজাদ জানান, দুদকে জমা দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে লালু দুই কোটি ৫৪ লাখ ৭৪ হাজার ৯২৬ টাকা ও তার স্ত্রী বেগম সামছুন্নাহার এক কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ২৩৩ টাকার তথ্য দিয়েছিলেন। এ হিসাব অনুযায়ী সাংসদ লালু ও তার স্ত্রীর আয় বহির্ভূত সম্পত্তির পরিমাণ যথাক্রমে এক কোটি ৪২ লাখ টাকা এবং ৪৪ লাখ টাকা।
তিনি আরও জানান, এই মামলায় লালু আগে হাজিরা দিলেও তার স্ত্রী হাজিরা দেননি। রোববার হাজিরা দিতে এলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
সাংসদ লালু এ মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24