ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রতিশ্র"ত পাঁচ লাখ টন চালের মধ্যে চার লাখ টন আমদানি নিয়ে জটিলতার অবসান হয়নি। রোববার এ নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের কথা থাকলেও ভারতীয় প্রতিনিধিরা না আসায় সেই বৈঠকও হয়নি।
এ ব্যাপারে খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী রোববার সাংবাদিকদের বলেন, "চাল আমদানি নিয়ে জটিলতা এখনো কাটেনি। তবে বাংলাদেশ ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে। আশা করছি, অচিরেই সঙ্কট কেটে যাবে।"
অবশ্য এ ব্যাপারে কোনো সময়সীমা জানাতে পরেননি খাদ্য উপদেষ্টা।
তিনি বলেন, চাল আমদানির বিষয়ে ভারতের প্রতিনিধিদের সঙ্গে রোববার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তারা এখনো বাংলাদেশে না আসায় তা হয়নি।
ভারতীয় প্রতিনিধিরা বাংলাদেশে এলেই এ বিষয়ে একটি সন্তোষজনক সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই রকম আশার কথা শুনিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।
রোববার সচিবালয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের বলেন, "চাল তো এক লাখ টন আসছেই। বাকিটাও সময় মতো চলে আসবে। এ নিয়ে শঙ্কার কিছু নেই।"
ভারত থেকে চার লাখ টন চাল কেনার জন্য দাম ও সময় নির্ধারণের ব্যাপারে গত ১৭ ও ১৮ মার্চ ঢাকায় বৈঠক করে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। কিন্তু সময় নিয়ে একমত হতে না পারায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
সেসময় ভারতীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার জন্য ২৩ মার্চ পর্যন্ত সময় চায় এবং ওই তারিখেই পরবর্তী বৈঠকের প্রতিশ্র"তি দিয়ে ঢাকা ত্যাগ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএ/১৭০৩ঘ.
bdnews24