যশোর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, শুধু একদিন নয় সব সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। সবাই সোচ্চার হলে ভবিষ্যতে আর কেউ দুর্নীতি করতে সাহস পাবে না।
রোববার সকালে যশোর শহরের ঈদগাহ ময়দানে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির তিনি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে সকলে এখানে সমবেত হয়েছি। শুধু আজকের দিনে নয় সব সময়, সারা বছর দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। সবাই সোচ্চার হলে ভবিষ্যতে আর কেউ দুর্নীতি করার সাহস পাবে না।"
দুদক চেয়ারম্যানের বক্তব্য শেষে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন, হেড ব্যান্ড, প্লাকার্ড ও পতাকা বহন করে। 'দুর্নীতি করব না দুর্নীতি মানব না, দুর্নীতি সইবো না' - এই গান আর ঢাক-ঢোলের তালে তালে পুরো শহরে মুখরিত হয়ে ওঠে।
দুর্নীতি দমন কশিনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার অন্তত ২০ হাজার মানুষ অংশ নেন।
শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে দুদক চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান চৌধুরী, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইকরাম আলী শেখ, দুদক খুলনা বিভাগীয় পরিচালক মেজর রাশেদ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত জেলা জজ মমিনুর রহমান, সদস্য সচিব অধ্যাপক মসিউল আযম, শোভাযাত্রা আয়োজক কমিটির আহবায়ক মিজানুর রহমান, দুদক যশোর অঞ্চলের উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫২১ ঘ.
bdnews24