ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নারায়ণগঞ্জের তারাবোতে এক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি জালালউদ্দীন আহমেদসহ দু'জন নিহত হয়েছেন।
নিহত অপরজন হলেন গাড়িচালক আব্দুল খালেক।
আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রূপনগর উপজেলার তারাবো পৌর এলাকায় শনিবার রাত সাড়ে আটটার দিকে নরসিংদীগামী একটি ট্রাকের সঙ্গে জালালউদ্দীন আহমেদের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির উভয় আরোহী জালাল উদ্দিন আহমেদ এবং চালক আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হন । জালালউদ্দীন আহমেদ অলটেক্স গার্মেন্টস এর পরিচালক ছিলেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, নরসিংদীর দিকে যেতে থাকা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির সংঘর্ষ হয়।
ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসকে/২২৫৫ঘ.
bdnews24