ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে বন্দুকের গুলিতে দুজন নিহত হয়েছেন। ফরিদপুরে দু'পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তিকে চিকিৎসা করতে গেলে এক পল্লী চিকিৎসক খুন হন। পিরোজপুরে ছাগল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হয়েছেন একজন।
সিলেট প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের ঘুঙ্গিরগাঁও গ্রামে সরকারি খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এর মধ্যে গুরুতর আহত ১৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- শক্তিরগাঁও গ্রামের বাদশা মিয়া (২৫) ও জায়ফর উল্লাহ (৬০)। আহতরা হলেন- মোবাশ্বের উল্লাহ (৪৬), মান্নান মিয়া (৩৫) নূর মোহাম্মদ (৭০), শাহজাহান (৫০), শফিক মিয়া (২৫), শাহিদ আলী (৩৫), সেলিম মিয়া (৩০), আব্দুস সোবহান (৩৮), স্বাধীন মিয়া (২৫), বিল্লাল হোসেন (২২), আব্র" মিয়া (২৫), আনাস আলী (৩৫), কবির মিয়া (২৫) ও জয়নাল মিয়া (২৩)।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, কলকলি বাজারের পার্শ্ববর্তী ঘুঙ্গিরগাঁও গ্রামে ছাত্রদল নেতা জামাল উদ্দিন নামে এক ব্যক্তি সরকারি খাস জায়গায় দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। শনিবার সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী আটপাড়া গ্রামের সাজ্জাদ মিয়ার নেতৃত্বে গ্রামবাসী দোকানে আগুন ধরিয়ে দেয়। এ সময় জামাল উদ্দিন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় বন্দুকের গুলিতে শক্তিরগাঁও গ্রামের বাদশা মিয়া ও জায়ফর উল্লাহ নিহত হন।
পরে সুনামগঞ্জ থেকে অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আটপাড়া গ্রামের আব্দুল জব্বার দাবি করেন, জামাল উদ্দিন পক্ষের লোকজনের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকালে নগরকান্দা উপজেলার সালথা থানার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহত এক ব্যক্তিকে চিকিৎসা করতে গেলে সন্ত্রাসীরা লিটন আলম (৩০) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করে।
শনিবার সকালে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এলাকায় পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে।
এলাকাবাসীসূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও বিএনপি সমর্থক ওহিদুজ্জামানের সমর্থকরা শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আহত এক ব্যক্তিকে চিকিৎসা করতে তার বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা পল্লী চিকিৎসক লিটন আলমকে কুপিয়ে আহত করে। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহত লিটনের ভাই শাহ আলম জানান, ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওহিদের লোক আমাদের ওপর হামলা করলে হতাহতের ঘটনা ঘটে।"
তার অভিযোগ অস্বীকার করে ওহিদুজ্জামান বলেন, "আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।"
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আফসারউদ্দিন জানান, শনিবার সকালে আফজাল খা (৫০), সালাম (৫০) ও মোশারফ (৪৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
পিরোজপুর প্রতিনিধি জানান, কাউখালী উপজেলায় শুক্রবার সন্ধ্যায় একটি ছাগল চুরিকে কেন্দ্র করে দু'গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মানিক নামে এক শিশু নিহত ও অর্ধ শতাধিক আহত হয়। গুরুতর আহত চারজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আনিস, গিয়াস, নজরুল ও রহমান নামে চারজনকে গ্রেপ্তার করেছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, শুক্রবার সন্ধ্যায় বাশুরিয়া গ্রামের আবদুল খালেকের একটি ছাগল পার্শ্ববর্তী গোসনতারা গ্রামের আনিসের নেতৃত্বে কিছু যুবক চুরি করে জবাই করে। খবর পেয়ে বাশুরিয়া গ্রামের লোকজন আনিস ও গিয়াস নামে এক যুবককে ধরে নিয়ে আসে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী ছাগল চুরির সঙ্গে জড়িত অন্যদের ধরতে বাশুরিয়া গ্রামের লোকজন কাঠালিয়া গ্রামে গেলে দু'পক্ষের সংঘর্ষ হয়। এ সময় কাঠালিয়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালালে বাশুরিয়া গ্রামের আফজালের ছেলে মো. মানিক (১২) ঘটনাস্থলেই নিহত হয়।
শনিবার সকালে পুলিশ কাঠালিয়া গ্রামের একটি ডোবা থেকে মানিকের লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার কামরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের বাবা আফজাল কাউখালী থানায় হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24